শনিবার, ১৪ মার্চ, ২০২৬

উত্তরের ছড়াকার

শেষ আপডেট:

স্বপ্না রায়

জন্ম ১৯৪৫-এর ৭ সেপ্টেম্বর, হাওড়ায়। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বিবাহসূত্রে রায়গঞ্জে। তারপর মালদায়- দৈনন্দিন জীবন, জোয়ার পত্রিকার রবিবারের আসর আয়োজন আর পত্রিকার সম্পাদনায় নজরদারি। সরকারি কলেজে টিচার্স ট্রেনিংয়ের পর বাঁশবাড়ি কৃষ্ণমোহন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদে যোগদান। ১৯৭৫-এ অব্যাহতি নিয়ে প্রতিষ্ঠা করলেন ছোটদের জন্য স্কুল- সবুজ অবুঝ  শিশু অঙ্গন জীবনসঙ্গী পুষ্পজিৎ রায়ের সঙ্গে মিলিতভাবে। আটের দশক থেকে লেখালেখির শুরু, ছড়া ও গল্প, মূলত ছোটদের নিয়ে ভাবনা থেকেই যার সূত্রপাত। প্রকাশ পেয়েছে মিষ্টি কড়া বিশটি ছড়া, হাঁসুর বোধোদয়, তুতুল মিতুল রাতুলেরা, বেড়ালের নাম আহ্লাদি, গল্প বলেন শান্টুমামা, ভূতের ছানা ভুতুমবা, আগডুম বাগডুম ছড়াডুম সাজে, জাগ ভেলকি লাগ ভেলকি- বইগুলি। ভালোবাসেন নানা বই পড়তে, গাছগাছালি নিয়ে থাকতে। এখনও সমান আগ্রহ ছোটদের বইয়ে। গান শোনা তো বটেই- বিশেষত রবীন্দ্রনাথের।

এই পাড়াটাই এই পাড়াটাই

এই পাড়াটাই আমার পাড়া ছিল অনেক আগে

এখন কেমন অচেনা আর বড্ড নতুন লাগে

এই পাড়াটাই আমার পাড়া মাঠ ছিল এইখানে

মস্ত বড় ফ্ল্যাট বাড়িটা চোখেতে জল আনে

এই পাড়াটাই আমার পাড়া পুঁটিদের সেই বাড়ি

এখন দেখি শো রুম এক গাড়ির পরে গাড়ি

এই পাড়াটাই আমার পাড়া পুকুর সাঁতার কাটা

লুকোচুরি কানামাছি বৃষ্টিতে জল ঘাঁটা

এই পাড়াটাই আমার পাড়া তেঁতুল বকুল নিম

সেইখানেতে এখন দেখি মাল্টিস্টোরেড জিম

এই পাড়াটাই আমার পাড়া সেই যে ছাতিম তলা

এখান দিয়েই হেঁটে ছুটে ইস্কুলেতে চলা

এই পাড়াটাই আমার পাড়া ঝুপসি বাঁশের বন

এখন দেখি রেস্তোরাঁ এক মানুষ সারাক্ষণ

এই পাড়াটাই আমার পাড়া পুরোনো লাইব্রেরি

আপন মনে ঠায় দাঁড়িয়ে মন হয়েছে ভারী

এই পাড়াটাই আমার পাড়া কাকু জেঠু মাসী

এখন দেখি মার্জিত সব ফ্ল্যাটের অধিবাসী

এই পাড়াটাই আমার পাড়া ভালোবাসায় মোড়া

মনের ভেতর যত্নে রাখি কোথায় যে তার জোড়া!

Share post:

Popular

More like this
Related

সেইসব ঝড়ের দিনগুলি

মণিদীপা নন্দী বিশ্বাস ‘জারে কাঁপছে আমার গা... জারে ক্যানে কাঁপিস...

অণুগল্প

খিদে অভিজিৎ বিশ্বাস  যে বই কেউ খোলে না, তার পাতা থেকে...

মাটির নীচে ঘুমন্ত দৈত্য ও আমাদের অস্থির পৃথিবী

দেবদূত ঘোষঠাকুর এই কম্পনের জন্য নির্দিষ্ট কোনও মাস লাগে না।...

উত্তরের কবিমুখ

কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য  নৃতত্ত্ব, সমাজতত্ত্ব ও জনজাতি জীবন-সংস্কৃতির সংসারে আকণ্ঠ নিমজ্জিত...