উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) এইচ-১বি ভিসার (H-1B visa) ফি নিয়ে বিরোধিতা সেদেশের ২০টি রাজ্যের। ট্রাম্প প্রশাসন ওই ভিসার ফি ১ লক্ষ ডলার করেছে। এর বিরুদ্ধে ওই রাজ্যগুলি মামলা করেছে।
রাজ্যগুলির দাবি, ট্রাম্পের এই নীতি বেআইনি। এতে স্বাস্থ্য, বিশ্ববিদ্যালয় ও সরকারি স্কুলগুলির মতো গুরুত্বপূর্ণ জায়গায় দক্ষ কর্মীর অভাব বাড়ছে।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা, যাঁর দপ্তর এই মামলার নেতৃত্ব দিচ্ছে। তাঁর কথায়, ‘প্রশাসনের এমন বিপুল ফি আরোপের কোনও আইনি ক্ষমতা নেই।’ ক্যালিফোর্নিয়ায় বিশ্বের নানা প্রান্ত থেকে দক্ষ কর্মীরা আসেন। ক্যালিফোর্নিয়ার অর্থনীতিতে এদের অবদান অনেক। কিন্তু ট্রাম্পের এমন ভুল সিদ্ধান্তের ফলে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি ধাক্কা খেয়েছে।
২৫ সেপ্টেম্বর থেকে নতুন এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে ১ লক্ষ ডলার ফি চালু হয়। আগে এই ভিসার জন্য সংস্থাগুলিকে ৯৬০ ডলার থেকে ৭,৫৯৫ ডলার পর্যন্ত খরচ করতে হত। রাজ্যগুলির একাংশের অভিযোগ, এই নীতি মার্কিন সংবিধান লঙ্ঘন করেছে। এইচ-১বি ভিসার ফি শুধুমাত্র ভিসা প্রক্রিয়াকরণের খরচ সামাল দেওয়ার জন্য ধার্য করা হত। কিন্তু সেই প্রচলিত ব্যবস্থা থেকে বর্তমানে সরে এসেছে ট্রাম্প সরকার। এতে শিক্ষকতা এবং স্বাস্থ্যপরিষেবার মতো ক্ষেত্রগুলিতে কর্মী সংকট আরও বাড়বে।
ক্যালিফোর্নিয়া ছাড়াও ম্যাসাচুসেটস, অ্যারিজোনা, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, হাওয়াই, ইলিনয়, মেরিল্যান্ড, মিশিগান, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, উইসকনসিন সহ ২০টি রাজ্য এই মামলায় (case) যোগ দিয়েছে।

