উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসানসোলে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনার অভিযোগ প্রকাশ্যে আনলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এমনকি এই জালিয়াতির সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলের জড়িত থাকারও অভিযোগ করেছেন তিনি। এই প্রসঙ্গে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন শুভেন্দু। সেই পোস্টে শুভেন্দু লিখেছেন, ‘আসানসোলে সম্প্রতি একটি বিশাল চিটফান্ড জালিয়াতির ঘটনা ঘটেছে। এই চিটফান্ড কম্পানির যিনি মাথা তার নাম তহসিন আহমেদ। এই তহসিন আহমেদ আবার পশ্চিম বর্ধমান জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শাকিল আহমেদ ওরফে মাস্টার শাকিলের ছেলে। তাহসিন আহমেদ এবং তার দল ৩০০০ জনেরও বেশি লোকের কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা এই চিটফান্ড থেকে আত্মসাৎ করেছে বলে অভিযোগ।’
তিনি আরও অভিযোগ করেন যে, তহসিনের এই প্রলোভনে প্রায় ৩০০০ জনেরও বেশি সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘১০০,০০০ টাকা চিটফান্ড কোম্পানিতে ২০ মাসের জন্য বিনিয়োগ করলে প্রতি মাসে ১৪,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হত। অর্থাৎ ২০ মাস পূর্ণ হওয়ার পর ২৮০,০০০ টাকা এবং ১০০,০০০ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হত যা একেবারেই অসম্ভব। তহসিনের এই প্রলোভনে প্রায় ৩০০০ জনেরও বেশি সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন। কেউ ঋণ নিয়ে টাকা দিয়েছে, কেউ জমি বিক্রি করে টাকা দিয়েছে, কেউ তার মেয়ের বিয়ের জন্য জমানো টাকা দিয়েছে, কেউ তহসিনের মিথ্যা অজুহাতে তার সারা জীবনের সঞ্চয় উজাড় করে দিয়েছেন। গত ৩ বছর ধরে এই তহসিন আসানসোল এবং এর আশেপাশের এলাকার মানুষের থেকে তার ভুয়া ও লাইসেন্সহীন কম্পানির নামে টাকা তুলেছে। তার পর টাকা দিতে না পারায় ১৫ তারিখ থেকে বেপাত্তা।’
তহসিনের এই কাজে শাসক দলের বড় বড় নেতা এবং প্রশাসনের প্রচ্ছন্ন মদত থাকারও অভিযোগ তুলেছেন শুভেন্দু। এর পাশাপাশি ঘটনায় সেবি ও ইডি-র আইনি হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি। শুভেন্দুর এই পোষ্ট ইতিমধ্যেই নেটিজেনদের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

