উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিধানসভা থেকে সাসপেন্ড করা হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) সহ চার বিধায়ককে। সোমবার সকালে বিধানসভায় এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠক চলাকালীন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ আরও ২ বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। বিগত সাড়ে তিন বছরে এই নিয়ে মোট চারবার সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী।
ঘটনার সূত্রপাত সরস্বতী পুজোকে কেন্দ্র করে। সম্প্রতি রাজ্যজুড়ে বেশ কিছু জায়গায় সরস্বতী পুজো বন্ধ করার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। এই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পর্যন্ত। এই বিষয়ে আলোচনার করার জন্য এদিন বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়ে স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন অগ্নিমিত্রা পাল, চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডল, সুমিতা সিনহারা। কিন্তু তাঁদের আবেদন খারিজ করে দেন বিধানসভার স্পিকার। আবেদন খারিজ হতেই তুমুল বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কেরা। এরপরই তাঁরা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। অন্যদিকে, বিরোধী দলের এমন কর্মকাণ্ডে আগামী ৩০ দিনের জন্য শুভেন্দু অধিকারী সহ আরও চার বিধায়ককে সাসপেন্ড (Suspended) করা হয়।


এদিকে প্রথমার্ধ্বে এদিন অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির মহিলা সদস্যদের তরফে বিধানসভায় ওই মর্মে এক মুলতুবি প্রস্তাব আনা হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন। অভিযোগ, এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়েলে নেমে কাগজপত্র ছিঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অধ্যক্ষের দিকে কাগজ ছুঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিরোধী দলনেতার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তাতে বিজেপির প্রতিবাদের স্বর আরও উচ্চগ্রামে ওঠে। বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বিধানসভার লবিতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

