উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালি মানেই শেষ পাতে বা ভাতের পাতে একটু মুখরোচক ভর্তা। আর সেই ভর্তা যদি হয় হরেক রকমের, তবে তো আর কথাই নেই! গরম ভাতের সাথে জমে যাবে দুপুরের খাওয়া। রইল জিব জল আনা ৫ ধরনের সহজ ভর্তার রেসিপি।
১. লইট্টা শুঁটকি ভর্তা
উপকরণ: লইট্টা শুঁটকি ১০০ গ্রাম, ১ কাপ পিঁয়াজকুচি, ৭-৮টি শুকনো লঙ্কা, সামান্য ধনেপাতা, নুন ও সরষের তেল স্বাদমতো।


প্রণালী: শুঁটকি ছোট করে কেটে আগে আগুনে একটু পুড়িয়ে নিন। তারপর ভালো করে ধুয়ে সেদ্ধ করুন। এবার শিলপাটায় নুন, লঙ্কা ও বাকি সব উপকরণ দিয়ে মিহি করে বেটে নিলেই তৈরি কড়া স্বাদের শুঁটকি ভর্তা।
২. কাঁচকলা ভর্তা
উপকরণ: ১টি সেদ্ধ কাঁচকলা, আধ কাপ পিঁয়াজ বেরেস্তা, ৪টি কাঁচা লঙ্কাকুচি, সামান্য ধনেপাতা, নুন ও সরষের তেল।
প্রণালী: কাঁচকলা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার ভাজা পিঁয়াজ (বেরেস্তা), কাঁচা লঙ্কা ও নুন দিয়ে ভালো করে চটকে মেখে নিলেই রেডি পুষ্টিকর কাঁচকলা ভর্তা।
৩. পটল-চিংড়ি ভর্তা
উপকরণ: ২টি পটল, ১০০ গ্রাম চিংড়ি মাছ, আধ কাপ পিঁয়াজ বেরেস্তা, ৪টি কাঁচা লঙ্কাকুচি, ধনেপাতা, নুন ও সরষের তেল।
প্রণালী: পটল টুকরো করে কেটে নিন। তেল বাদে সব উপকরণ সামান্য জল দিয়ে সেদ্ধ করে ব্লেন্ডারে বা শিলপাটায় পেস্ট করে নিন। এবার প্যানে তেল গরম করে এই পেস্টটি দিয়ে নাড়তে থাকুন। জল শুকিয়ে যখন একটু ভাজা ভাজা বা পোড়া পোড়া গন্ধ বেরোবে, তখন নামিয়ে নিন।
৪. আলুভর্তা (সবেধন নীলমণি)
উপকরণ: ২টি সেদ্ধ আলু, আধ কাপ পিঁয়াজকুচি, ৬-৭টি কাঁচা লঙ্কাকুচি, ধনেপাতা, নুন ও সরষের তেল।
প্রণালী: আলু সেদ্ধ করে গরম থাকতেই মেখে নিন। এরপর পিঁয়াজ, লঙ্কা ও সরষের তেল দিয়ে ভালো করে চটকে মাখলেই তৈরি চিরাচরিত আলুভর্তা।
৫. মসুর ডাল ভর্তা
উপকরণ: ১ কাপ মসুর ডাল, আধ কাপ পিঁয়াজকুচি, ৬-৭টি কাঁচা লঙ্কাকুচি, ধনেপাতা, নুন ও সরষের তেল।
প্রণালী: ডাল ধুয়ে অল্প জলে ঘন করে সেদ্ধ করে নিন। ডাল যেন একদম শুকিয়ে যায়। এবার ওই সেদ্ধ ডালের সঙ্গে পিঁয়াজ, লঙ্কা, নুন ও তেল দিয়ে মেখে নিলেই তৈরি দারুণ স্বাদের ডাল ভর্তা।

