মুর্শিদাবাদ: ডাকাতির (Dacoity) ঘটনায় তদন্তে নেমে বাংলাদেশ যোগ পেল মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার হয়েছে মোট সাতজন। এরমধ্যে চারজন বাংলাদেশি নাগরিক রয়েছে। ধৃতরা হল মিন্টু ব্যাপারী (৫০), ইয়াদ আলি (৪৬), মহম্মদ সফিকুল শেখ (২০), মহম্মদ ফারর আলি (৫০), আজিজুল শেখ (৩৫), মুস্তাকিম শেখ (২০) এবং সানিদুল শেখ (৩২)। তাদের কাছ থেকে গয়না, নগদ টাকা ও বেশ কিছু অস্ত্রশস্ত্র মিলেছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, শনিবার রাতে ধৃত পাঁচজনকে জেরা করা হয়। ঘটনায় জড়িত আরও দুই দুষ্কৃতীর খোঁজ মেলে। গতকাল গভীর রাতে বহরমপুর থানার গোয়ালজান-পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার গভীর রাতে রঘুনাথগঞ্জের (Raghunathganj) জরুর-নতুন পুকুরপাড়া এলাকায় সইবুর রহমান নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সাত দুষ্কৃতী। বাড়ির সদস্যদের দড়ি দিয়ে বেঁধে লুটপাট চালায় তারা। নগদ কয়েক হাজার টাকা এবং কয়েক ভরি সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দলটি। বাড়ির লোকেদের মারধরও করা হয় বলে অভিযোগ। এর মধ্যে একজন গুরুতর অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

