উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির ৭ বছর পূর্তি উপলক্ষে আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী সারা আলি খান। এই ছবির মাধ্যমেই তাঁর বলিউডে অভিষেক হয়েছিল। ছবি মুক্তির ৭ বছর পূর্তিতে নিজের প্রথম সহ-অভিনেতা প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে গভীরভাবে স্মরণ করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় সারা লেখেন, “যদি ২০১৭ সালে ফিরে যেতে পারতাম, একটি মুহূর্তও বদলাতাম না, শুধু সেই জাদুমাখা সময়ের প্রতিটি ক্ষণ নতুন করে বাঁচতাম, লালন করতাম।” তিনি জানান যে, তিনি প্রতিদিন সেই সময়টাকে মিস করেন, তবে ছবিটি তাঁকে যা কিছু দিয়েছে এবং শিখিয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ।
সারা বিশেষ করে সুশান্ত সিং রাজপুতকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সুশান্তই তাঁকে ব্ল্যাক কফি, ট্রেকিংয়ের প্রতি ভালোবাসা, চাঁদের প্রতি আসক্তি এবং পাহাড়ি খাবারের প্রতি অনুরাগ জুগিয়েছেন। সবচেয়ে বেশি ধন্যবাদ জানিয়েছেন, তাঁকে কৌতূহলী থাকতে এবং সবসময় শেখার চেষ্টা করতে উৎসাহিত করার জন্য। এছাড়াও, সারা ছবির পরিচালক অভিষেক কাপুরকে কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, এই ছবি, এই সফর এবং এই স্মৃতিগুলির জন্য তিনি সর্বদা কৃতজ্ঞ থাকবেন।

