উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওহাইও (Ohio)-র ওয়েস্টলেকে একটি সুন্দর সরকারি পরিষেবা রয়েছে। এই পরিষেবার দরুন প্রশাসনের তরফে প্রতিদিন ফোন করে শহরের বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের খোজখবর (wellness check-in) নেওয়া হয়। তবে এদিন এই প্রাত্যহিক ‘ওয়েলনেস কল’-এর উত্তর দেননি শহরের বাসিন্দা এক ৯১ বছরের বৃদ্ধা। তাঁর বাড়ির দরজায় করাঘাত করলেও মেলেনি সাড়া। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় উদ্বেগে পড়েছিল পরিবার ও পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত যখন পুলিশের টিম ঘরের ভেতর ঢুকল, তখন বৃদ্ধার কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ সকলের। ওহাইও (Ohio)-র ওয়েস্টলেকের এই ঘটনা বর্তমানে নেট দুনিয়ায় বেশ চর্চিত।
ওহাইও-র ওয়েস্টলেকে বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য “Are You Okay?” নামে একটি বিনামূল্যে সরকারি পরিষেবা রয়েছে। এর মাধ্যমে প্রতিদিন প্রশাসনের পক্ষ থেকে ফোন করে ওই ব্যক্তিদের স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়। গত ৯ এপ্রিল ওই বৃদ্ধা নির্দিষ্ট সময়ে ফোনের উত্তর না দেওয়ায় এবং পরবর্তী একাধিক চেষ্টাতেও সাড়া না মেলায় চিন্তিত হয়ে পড়ে তাঁর পরিবার। পুলিশের সাহায্য নিয়ে তড়িঘড়ি তাঁর বাড়িতে পৌঁছান বৃদ্ধার মেয়ে।


পুলিশ আধিকারিকরা বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ মেলেনি। গ্যারেজের কোড ব্যবহার করে তারা ভেতরে প্রবেশ করেন। কিন্তু শোবার ঘরে ঢুকে যা দেখা গেল, তাতে উদ্বেগের বদলে হাসির রোল ওঠে। পুলিশ আধিকারিক জেরি ভোগেল জানান, ওই বৃদ্ধা নিজের ঘরে বসে মন দিয়ে ভিডিও গেম খেলছিলেন। নিজের গেমের রেকর্ড ভাঙার নেশায় তিনি এতটাই মগ্ন ছিলেন যে ফোনের আওয়াজ বা দরজায় ধাক্কা দেওয়ার শব্দ— কিছুই তাঁর কানে পৌঁছায়নি।
এই মজার ঘটনার আড়ালে উঠে এসেছে আমেরিকার এক ভিন্ন চিত্র। পিউ রিসার্চ সেন্টারের (Pew Research) এক রিপোর্ট অনুযায়ী: ২০২৪ সাল পর্যন্ত আমেরিকায় ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষের সংখ্যা প্রায় ৬ কোটি ২০ লক্ষ, যা মোট জনসংখ্যার ১৮ শতাংশ।২০৫৪ সালের মধ্যে এই সংখ্যা ৮ কোটি ৪০ লক্ষে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ৫০ থেকে ৮০ বছর বয়সীদের মধ্যে প্রায় ৩৭ শতাংশ মানুষ এখানে একাকীত্বে ভোগেন, যার মোকাবিলায় ওহাইও-র এই “Are You Okay?”-র মতো পরিষেবাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, ওই বৃদ্ধার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে পুলিশ তাঁর নাম বা সম্পূর্ণ বডিক্যাম ভিডিও প্রকাশ করেনি। তবে এই ঘটনাটি মনে করিয়ে দেয় যে, বয়স বাড়লেও মনের আনন্দ এবং খেলার নেশা ফুরিয়ে যায় না।

