উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে চাঁদের হাট। জমকালো আয়োজনে সম্পন্ন হল ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (Oscars 2026)। এ বছরের অস্কারে মূল লড়াইটা ছিল পরিচালক রায়ান কুগলারের ‘সিনার্স’ এবং পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর মধ্যে। ১৬টি মনোনয়ন নিয়ে ‘সিনার্স’ (Sinners) দৌড়ে এগিয়ে থাকলেও, শেষ হাসি হাসল লিওনার্দো ডিক্যাপ্রিও (Leonardo DiCaprio) অভিনীত সমাজ-রাজনীতির প্রেক্ষাপটে তৈরি ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (One Battle After Another)।
টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ অবলম্বনে নির্মিত এই ছবিটি ১৩টি মনোনয়নের মধ্যে ৬টি অস্কার জিতে নিয়েছে। শুধু সেরা ছবিই নয়, ছিনিয়ে নিয়েছে সেরা পরিচালক, সেরা সহ-অভিনেতা এবং সেরা কাস্টিং, সেরা এডিটিং, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যর মতো গুরুত্বপূর্ণ পুরস্কার। পুরস্কার হাতে পরিচালক পল টমাস অ্যান্ডারসন আবেগপ্রবণ হয়ে বলেন, ‘এই সাফল্যের জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।’
অন্যদিকে, ‘সিনার্স’ খালি হাতে ফেরেনি। এই ছবির জন্য সেরা অভিনেতার মুকুট উঠেছে মাইকেল বি জর্ডানের মাথায়। পরিচালক রায়ান কুগলার পেয়েছেন সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার এবং লুডভিগ গোরানসন জিতেছেন সেরা আবহসংগীতের শিরোপা। তবে এবারের আসরে ইতিহাস গড়েছেন অটাম ডুরাল্ড আরকাপাও; প্রথম নারী হিসেবে তিনি ‘সেরা সিনেম্যাটোগ্রাফি’র অস্কার জিতলেন।
ভারতীয় সিনেপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ ছিল উপস্থাপক হিসেবে প্রিয়াংকা চোপড়া জোনাসের উপস্থিতি। যদিও ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ওয়ান’, ‘তানভি দ্য গ্রেট’ কিংবা ‘মহাবতার নরসিংহ’-এর মতো ভারতীয় ছবিগুলো আলোচনায় ছিল, তবে শেষ পর্যন্ত বড় কোনও চমক দেখাতে পারেনি তারা।

