উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ব্যক্তিত্বের অধিকার’ রক্ষার দাবি জানিয়ে একদিন আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। সংশ্লিষ্ট মামলায় বড় জয়ও পেয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। এবার নিজের ভাবমূর্তি রক্ষার্থে আদালতের দ্বারস্থ হয়ে জয় পেলেন অভিষেক বচ্চনও (Abhishek Bachchan)।
অভিযোগ ছিল, তাঁর ছবি নাকি বিনা অনুমতিতে নানা দুষ্কর্মে ব্যবহার করছে বিভিন্ন অবৈধ ওয়েবসাইট। যে কোনও ওয়েবসাইট বা যে কোনও মঞ্চ যেন তাঁর ছবি অনায়াসে ব্যবহার করতে না পারে, এই আর্জি ছিল অভিষেকের। অনেক সময়ে ছবি ও ভিডিও যৌনতা সংক্রান্ত বিষয়েও ব্যবহার করা হয় বলে অভিযোগ। এতে বিরক্ত অভিষেক। নিজের ভাবমূর্তি রক্ষায় আদালতের দ্বারস্থ হন তিনি। দিল্লি হাইকোর্টে (Delhi High Court) আবেদন করেন অভিষেক। সেই আবেদনের পক্ষে রায় দিয়েছে আদালত। জানিয়ে দেওয়া হয়েছে, অভিনেতার অনুমতি ছাড়া তাঁর ছবি, ভিডিও, নাম বা স্বাক্ষর ব্যবহার করা যাবে না।
প্রসঙ্গত, এই একই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ঐশ্বর্য। অভিযোগ ছিল, ঐশ্বর্যর ছবি ব্যবহার করে তৈরি করা হচ্ছে কফি মগ, টি-শার্টের মতো নানা সামগ্রী। একই সঙ্গে নায়িকার নানা ছবি বিকৃত করে কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই সব ছবির স্বাভাবিকতা নষ্ট করে সেগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব কাজের উপর নিষেধাজ্ঞা জারি করে আদালত। এবার আদালতের রায় গিয়েছে অভিষেকের পক্ষে।

