উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার বিজেপির নির্বাচনি ইস্তাহার প্রকাশের পালটা দিয়ে তৃণমূল ভবন থেকে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিশেষত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) ভারতে অবস্থান এবং বিজেপির নতুন প্রতিশ্রুতিগুলিকে ‘জুমলা’ বলে তোপ দাগলেন তিনি। অভিষেকের প্রশ্ন, “দেড় বছর ধরে শেখ হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়েছে মোদি সরকার? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা?”
হাসিনা প্রসঙ্গ ও অনুপ্রবেশ ইস্যু


স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)-র ‘বাংলাকে বাংলাদেশ হতে দেব না’ মন্তব্যের প্রেক্ষিতে অভিষেক পালটা প্রশ্ন তোলেন, “বাংলা কি তবে বাংলাদেশ? কেন এই দৃষ্টিভঙ্গি? যদি অনুপ্রবেশ আটকানোই লক্ষ্য হয়, তবে কাশ্মীরে কেন ব্যর্থ হচ্ছে কেন্দ্র?” শেখ হাসিনার স্ট্যাটাস নিয়ে শা-কে চ্যালেঞ্জ ছুড়ে তিনি জানতে চান, তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী?
৩০০০ টাকার ‘নতুন জুমলা’
বিজেপির ইস্তাহারে মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতিকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। প্রধানমন্ত্রীর একটি পুরোনো ভিডিও দেখিয়ে তিনি দাবি করেন, দিল্লিতেও একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু আজও কেউ টাকা পাননি। অভিষেক বলেন, “মহারাষ্ট্রে সার্ভের নামে ৯০ হাজার মহিলাকে বাদ দেওয়া হয়েছে। অথচ বাংলার সরকার কোনো শর্ত ছাড়াই সব মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয়। যাদের দিল্লিতে পরিশুদ্ধ বায়ু দেওয়ার ক্ষমতা নেই, তারা দেবে ৩০০০ টাকা?”
দুর্নীতি ও শ্বেতপত্র
বিজেপির দুর্নীতির অভিযোগের জবাবে অভিষেক পালটা শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন। তিনি প্রশ্ন করেন, গত ৫ বছরে আবাস যোজনায় কেন্দ্র কত টাকা দিয়েছে তার হিসেব কোথায়? শুভেন্দু অধিকারী থেকে হিমন্ত বিশ্বশর্মা— দুর্নীতির অভিযোগ থাকা নেতাদের পাশে বসিয়ে শা-র লড়াইকে ‘লোক হাসানো’ বলে কটাক্ষ করেন তিনি।

