হরিশ্চন্দ্রপুর: নির্বাচনী (Election 2026) প্রচারের পারদ চড়াতে সোমবার মালদহের হরিশ্চন্দ্রপুরে মেগা রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চাঁচলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee) এবং হরিশ্চন্দ্রপুরের প্রার্থী মতিবুর রহমানের (Motibur Rahman) সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তুলসীহাটা চুরিপট্টি এলাকা থেকে ভবানীপুর ব্রিজ পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ এই রোড শো শেষে ৩১ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের নিচে একটি সংক্ষিপ্ত পথসভাও করেন তিনি।
পথসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, “ভোটের আগে বাইরের রাজ্য থেকে লোক ঢোকাবে বিজেপি। এলাকায় এমন বহিরাগত কাউকে দেখতে পেলেই আটকে রাখুন, ঘিরে রাখুন। এরা বাংলার শান্তির পরিবেশ নষ্ট করতে এবং ভোট বানচাল করতে আসছে।”
সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “পাকিস্তানের হুমকিতেও মোদী সরকার যোগ্য জবাব দিতে পারেনি। অপেক্ষা করুন, ইন্ডিয়া জোটের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন, তখন পাকিস্তানে ঘরে ঢুকে মারা হবে।”
এদিনের রোড শো এবং পথসভায় তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কড়া পুলিশি নিরাপত্তা এবং ব্যারিকেড থাকলেও ভিড়ের চাপে তা কার্যত ভেঙে পড়ে। সভাস্থলে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় এবং পরিস্থিতির সামাল দিতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়।

