উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে রাজধানীর উদ্দেশে পা বাড়ালেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সন্ধ্যেয় ‘ইন্ডিয়া’য় (India Jot) অন্তর্ভুক্ত দলগুলির প্রধান নেতারা বসবেন বৈঠকে। বৈঠক প্রসঙ্গে এদিন কলকাতা বিমানবন্দরে অভিষেক বলেন, ‘আগে দিল্লি (Delhi) যাই, বৈঠক হোক। তারপরে কলকাতায় (Kolkata) ফিরে এসে যা বলার বলব।’
‘৪০০ পার’ স্লোগান তুলে ২৯৪ তে আটকে গেছে এনডিএ (NDA), অন্যদিকে, সকলকে অবাক করে ভালো ফল করেছে ‘ইন্ডিয়া’ জোট। স্বাভাবিকভাবেই সরকার গঠনের আশা দেখছে ইন্ডিয়া জোট। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের তরফে দিল্লিতে ডাকা হয়েছে বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এদিন দুপুরে কলকাতা বিমান বন্দরে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘যারা এক মাস আগে বাংলায় এসে বলেছিল, বিজেপি ৩০টি আসন পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সরকার ফুস হয়ে যাবে, এখন তাদের সরকার গঠন করা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। কখনও ক্ষমতার আস্ফালন দেখাতে নেই। কখনও মানুষের ক্ষমতাকে অবজ্ঞা করতে নেই। পঞ্জাব, বিহার, তামিলনাড়ু, কর্নাটক থেকে অনেকে দিল্লি পৌঁছচ্ছেন। সকলের সঙ্গে বৈঠকে কথা হবে।’


অন্যদিকে, বাংলায় সবুজ ঝড় নিয়ে তিনি আরও বলেন, ‘বিজেপি (BJP) নেতারা যত বড় বড় কথা বলবেন, তত তৃণমূলের লাভ। এর আগে এসে বলেছিলেন, বিজেপি ২০০ পার করবে বাংলায়। দেখা গিয়েছিল তৃণমূল ২০০ পার করেছে। এ বার বলেছিলেন বিজেপি ৩০টি আসন জিতবে। দেখা গেল তৃণমূল (TMC) ২৯টি আসন পেয়েছে।’ উল্লেখ্য, মঙ্গলবারে ফল প্রকাশের পর মমতা জানিয়ে ছিলেন, ‘ইন্ডিয়া’র বৈঠকে তিনি যেতে পারবেন না। তবে আমন্ত্রণ পেলে অভিষেককে পাঠাবেন। সেইমতোই এদিন দিল্লি গেলেন অভিষেক।

