উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেষে টলিউড অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যর(Shreema Bhattacharya) নাম করে আর্থিক জালিয়াতি! হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে অভিনেত্রীর সঙ্গে। অভিনেত্রীর নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে। শ্রীমা খোদ এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। পাশপাশি সকলকে সতর্কও করেছেন তিনি।
বিষয়টি একটু স্পষ্ট করে বলা যাক, শ্রীমার সারমেয় পোষ্যদের নিয়ে মিথ্যে কথা বলে টাকা তোলার অভিযোগ উঠেছে। শ্রীমা তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তাঁর পোষ্যদের কথা বলে টাকা চাইছে প্রতারক। তাতে লেখা রয়েছে, ‘আমি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য বলছি। টেলিভিশনে কাজ করি। আপনার সঙ্গে যুক্ত হয়ে একটি কাজ করার কথা বলতে চাই। কোকো নামে আমার এক পোষ্য কুকুর রয়েছে। ওর একটা সঙ্গী কুকুর ছিল যার মৃত্যু হয়েছে। এই কারণে কোকো মারাত্মক অবসাদে ভুগছে। ভাবছিলাম, আপনি যদি আমায় একটা কুকুর দেন যে কোকোর সঙ্গী হয়ে থাকবে। ওদের ছবি পোস্ট করে আপনাকেও আমি ট্যাগ করব। ফলে আপনার কাজেরও প্রচার হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায়।‘
এই পোস্ট শেয়ার করেছেন শ্রীমা। তা নিয়ে সবাইকে সতর্ক করলেন। শ্রীমা লেখেন, ‘নতুন জালিয়াতি! দয়া করে প্রতারকের কথায় বিশ্বাস করবেন না। এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকুন..কোকো ,জুলি দুজনেই সুস্থ আছে ভালো আছে!’

