উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছিলেন। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন খোদ অভিনেত্রী। ফলে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও (Kolkata International Film Festival) উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন ছোটপর্দার ‘মিঠাই’।
বুধবার রাতে সৌমিতৃষা জানান, তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন (Malaria)। সোশ্যাল মিডিয়ার পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমি ম্যালেরিয়া আক্রান্ত। বর্তমানে চিকিৎসা চলছে আমার। দুর্ভাগ্যবশত এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারব না আমি। প্রতিবছর এই অনুষ্ঠানের অংশ থাকতে পেরে আমি খুশি। দিদি, আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই প্রতিবছর এইভাবে সবটা আয়োজন করার জন্য।’
উল্লেখ্য, ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেই জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন সৌমিতৃষা। অভিনয় করেছেন বড়পর্দাতেও। কিন্তু তারপর থেকেই অভিনয়জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। শোনা গিয়েছিল, অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। খানিকটা সুস্থ হতেই ফের কাজে ফিরেছেন। কিছুদিন আগেই ‘কালরাত্রি ২’-এর শুটিং শেষ করেছেন অভিনেত্রী। কাজের পাশাপাশি তৃণমূলের মঞ্চেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে সৌমিতৃষাকে। রাজ্যের শাসকদলের আয়োজিত বিসর্জন কার্নিভালেও দেখা গিয়েছিল তাঁকে। এমনকি দু’দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাঁটতে দেখা গিয়েছি তাঁকে। কিন্তু এরই মধ্যে ফের অসুস্থ অভিনেত্রী।

