রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Air India Emergency Landing | মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি! ১৯০ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝ-আকাশে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ১৯০ জন যাত্রী সহ সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার (Air India Emergency Landing) একটি বিমান। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় এবং বিমানে আগুনের সঙ্কেত মেলায় তড়িঘড়ি সেটিকে দিল্লিতে (Emergency Landing Delhi) জরুরি অবতরণ করানো হয়। পাইলটের উপস্থিত বুদ্ধিতে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।

বুধবার রাত ১টা নাগাদ এয়ার ইন্ডিয়ার এআই ২৩৮০ (AI 2380) উড়ানটি দিল্লির রানওয়ে ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। আকাশে ওড়ার প্রায় এক ঘণ্টা পর বিমানের ‘অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট’ (APU)-এ হঠাতই আগুনের সঙ্কেত ফুটে ওঠে ককপিটের ড্যাশবোর্ডে। বিষয়টি নজরে আসতেই বিমানে থাকা ১৯০ জন যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার উপক্রম হয়। কিন্তু দেরি না করে তড়িঘড়ি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন পাইলট এবং জরুরি অবতরণের অনুমতি চান।

এটিসি থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই বিমানের মুখ ঘুরিয়ে ফের দিল্লির দিকে নিয়ে আসেন পাইলট। অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে বিমানটিকে নিরাপদে রানওয়েতে নামিয়ে আনা হয়। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানের সমস্ত যাত্রী ও কর্মী সুরক্ষিত আছেন। যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য বিমান সংস্থা দুঃখপ্রকাশ করেছে। অবতরণের পর যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয় এবং তাঁদের সিঙ্গাপুর পাঠানোর জন্য বিকল্প অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়।

বিমানটিতে ঠিক কী কারণে আগুনের সঙ্কেত মিলেছিল এবং যান্ত্রিক ত্রুটির উৎস কোথায় ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মাঝ-আকাশে এপিইউ-তে আগুনের সঙ্কেত পাওয়ার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বিমান মন্ত্রক।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

India VS Pakistan | পাক-বধ করে সুপার এইটে ভারত! বুমরাহ-অক্ষরের বোলিং তোপে ১১৪ রানেই শেষ পাকিস্তান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রেমদাসা স্টেডিয়ামের গ্যালারি আজ দুই...

Amit Shah vs Rahul Gandhi | ‘ডাহা মিথ্যে বলছেন’, বাণিজ্য চুক্তি নিয়ে রাহুলকে চ্যালেঞ্জ শা’য়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কৃষি ও আন্তর্জাতিক বাণিজ্য...

India VS Pakistan T20 | ইশানের লড়াকু ৭৭, কলম্বোয় পাকিস্তানকে ১৭৬ রানের টার্গেট দিল ভারত   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী...

India VS Pakistan T20 | হ্যান্ডশেক ছাড়াই শুরু মহারণ! টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বের দীর্ঘ প্রতীক্ষার অবসান...