উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিগত কয়েক মাস ধরেই বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছিল ভাঙনের মুখে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) সম্পর্ক। তবে গত মাসেই বিবাহবিচ্ছেদের জল্পনায় ইতি টেনে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। এবার স্বামী অভিষেকের জন্মদিনে ভালোবাসায় ভরা শুভেচ্ছা (Birthday wish) জানালেন অভিনেত্রী।
বুধবার অভিষেক বচ্চনের ৪৯তম জন্মদিন। এদিন সোশ্যাল মিডিয়ায় অভিষেকের শৈশবের একটি ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘তোমাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা। সুখ, সুস্বাস্থ্য, ভালোবাসা এবং আলোয় কাটুক। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’ এদিন সকলকে চমকে দিয়ে অভিষেকের জন্য ঐশ্বর্যর এই শুভেচ্ছা দেখে উচ্ছসিত তাঁদের ভক্তরাও।
View this post on Instagram
প্রসঙ্গত, অনন্ত ও রাধিকার বিয়েতেও একসঙ্গে আসেননি অভিষেক ও ঐশ্বর্য। অভিষেক তাঁর গোটা পরিবারকে নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন ঐশ্বর্য ও আরাধ্যা। অন্যদিকে তাঁদের প্রবেশের কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে প্রবেশ করেন ঐশ্বর্য। সেসময় শোনা যাচ্ছিল শাশুড়ি ও ননদের সঙ্গে সম্পর্ক ঠিক না থাকায় তাঁদের সংসারে ভাঙন ধরেছে। পরবর্তীতে নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার অভিযোগ ওঠে অভিষেকের বিরুদ্ধে। তবে এই নিয়ে কেউ যদিও জনসমক্ষে মুখ খোলেননি। তবে অভিষেক ও ঐশ্বর্যর সম্পর্কের মধ্যে দূরত্ব যে মিটেছে, জন্মদিনের শুভেচ্ছাবার্তার মাধ্যমে সেটাই স্পষ্ট করলেন অভিনেত্রী।

