উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিষাদ কাটিয়ে আনন্দ ফিরল শর্মা পরিবারে, তবে মধ্যমণি হয়ে রইল সেই ফেলে আসা স্মৃতিগুলোই। গত ৩ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি (Aindrila Sharma Sister) ঐশ্বর্য শর্মা (Aishwarya Sharma)। আর সেই অনুষ্ঠানেই দীর্ঘ সময় পর শর্মা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেল ঐন্দ্রিলার একদা প্রেমিক সব্যসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury)।
সাদা শার্ট আর নীল ডেনিমে সাধারণ সাজেই হাজির হয়েছিলেন সব্যসাচী। তবে তাঁকে দেখা মাত্রই আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। ঐন্দ্রিলার দুই প্রিয় পোষ্য তোজো আর বোজো সব্যসাচীকে দেখেই ছুটে আসে, আদরে ভরিয়ে দেয় তাঁকে। দীর্ঘক্ষণ অবলা সন্তানদের সঙ্গেই সময় কাটান অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের ছবি ভাইরাল হতেই নেটিজেনদের চোখে জল।
উল্লেখ্য, ২০২২ সালের ২০ নভেম্বর ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে চলে যান ঐন্দ্রিলা। তারপর থেকেই নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে গিয়েছিলেন সব্যসাচী। দীর্ঘ বিরতির পর তিনি কাজে ফিরলেও ঐন্দ্রিলার পরিবারের সঙ্গে তাঁর আত্মিক টান যে অটুট, এই অনুষ্ঠান তারই প্রমাণ দিল।
বিয়ের আসরে উপস্থিত থেকে ঐন্দ্রিলার মা শিখা শর্মা আবেগঘন কণ্ঠে বলেন, ‘ও আমাদের চারপাশেই আছে।’ অন্যদিকে, নতুন জীবনে পা রেখে দিদি ঐশ্বর্য বলেন, “আমার জীবনের বিশেষ দিনে বোনকে আরও বেশি করে মিস করছি। আমার বিয়ের সব পরিকল্পনা ওরই করা ছিল।’ পাত্র দিব্যজিৎ দত্ত পেশায় চিকিৎসক। বোনকে সামনে রেখেই নতুন পথ চলা শুরু করলেন দিদি।

