Ajoy Edward-Bimal Gurung Meeting | পাহাড়ে কি তবে ‘তৃতীয় বিকল্প’? অজয়-বিমল গোপন বৈঠকে নয়া সমীকরণের জল্পনা

শেষ আপডেট:

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: অজয় এডওয়ার্ডের (Ajoy Edward) সঙ্গে বিমল গুরুংয়ের (Bimal Gurung) গোপন বৈঠক। আর এই বৈঠক নিয়েই পাহাড়ের রাজনীতিতে শোরগোল পড়েছে। সূত্রের খবর, অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) এবং বিজেপি (BJP) থেকে সমদূরত্ব রেখে তৃতীয় বিকল্প হিসাবে প্রার্থী দেওয়া যায় কি না, তা নিয়েই এই দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত বা ঘোষণা কিছু হয়নি। এই খবর পেয়ে বিজেপিও নতুন করে পাহাড় নিয়ে ভাবতে শুরু করেছে। সূত্রের খবর, পাহাড়ের তিনটি আসনে দলীয় প্রতীক দেওয়া হবে, নাকি শরিক দলের প্রার্থীদের সমর্থন করা হবে, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বিজেপি।

এরই মধ্যে গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির আচমকা দিল্লি যাওয়ায় কৌতূহল আরও বেড়েছে। রোশন অবশ্য দিল্লি যাওয়ার কথা স্বীকার করেননি। তিনি বৃহস্পতিবার বলেছেন, ‘ভোটে জোট হবে কি হবে না, এসব নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সময়মতো দল কেন্দ্রীয় কমিটির বৈঠক করে সিদ্ধান্ত নেবে।’

২০২১ সালের বিধানসভা ভোট বাদ দিলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বিজেপিকেই সমর্থন দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। এমনকি পাহাড়ে পঞ্চায়েত ভোটেও বিজেপির জোটেই ছিলেন বিমলরা। দীর্ঘদিন এই জোটে থাকলেও বিমল মনে করছেন, বিজেপি পাহাড়ের জন্য কিছুই করছে না। শুধু পৃথক রাজ্যের আশ্বাস দেওয়া ছাড়া এত বছরে বিজেপি পাহাড়বাসীকে অন্য কিছুই দেয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে ফের বিজেপিকে সমর্থন করলে পাহাড়ের মানুষের প্রশ্নের মুখে পড়তে হতে পারে। পাশাপাশি বছরের পর বছর অন্য পার্টিকে সমর্থন করায় নির্বাচন কমিশন দলের স্বীকৃতি বাতিল করে দিতে পারে বলেও আশঙ্কা রয়েছে মোর্চার অন্দরে। কেননা দীর্ঘদিন ধরে বিভিন্ন নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছে জিএনএলএফ। নিজেরা প্রার্থী দেয়নি। যার জেরে নির্বাচন কমিশন জিএনএলএফের স্বীকৃতি বাতিল করে দিয়েছে। এই ঘটনাও ভাবাচ্ছে বিমল, রোশনদের।

সূত্রের খবর, এবারের নির্বাচনে তাই আঞ্চলিক দলগুলিকে বিজেপি সমর্থন করুক, এমনটাই চেয়েছিল মোর্চা, ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট (আইজিজেএফ), জিএনএলএফ, সিপিআরএমের মতো জোটসঙ্গী দলগুলি। কিন্তু নির্বাচন ঘনিয়ে এলেও বিজেপি এখনও জোটসঙ্গীদের কোনও সিদ্ধান্ত জানায়নি। সূত্রের খবর, এই পরিস্থিতির মধ্যেই দু’দিন আগে দার্জিলিংয়ে মোর্চা সভাপতি বিমল গুরুং এবং আইজিজেএফ-এর আহ্বায়ক অজয় এডওয়ার্ড বৈঠকে বসেছিলেন। বৈঠকের নির্যাস প্রকাশ্যে না এলেও এই দুজন আলাদাভাবে বিধানসভা ভোট নিয়ে চিন্তাভাবনা করছেন বলে খবর। বিমল-অজয়ের বৈঠকের খবর পৌঁছেছে বিজেপির কাছেও। এরপরেই বিজেপি নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে বলে জানা গিয়েছে।

বিজেপি সূত্রে খবর, দার্জিলিং অজয় এডওয়ার্ড, কালিম্পং বিমল গুরুংকে ছাড়া যায় কি না, তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি জানানো হয়েছে। কার্সিয়াং থেকে বিজেপি নিজের প্রতীকে প্রার্থী দিতে পারে অথবা জিএনএলএফ-কে সমর্থন করতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ বিজেপি। বিজেপির পার্বত্য শাখার সভাপতি সঞ্জীব লামা বলছেন, ‘অনেক কিছুই হতে পারে। প্রার্থী নিয়ে আলোচনা চলছে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Prasanta Barman | কমিশনের রাডারেও অধরা প্রশান্ত! নীলবাতি হাঁকিয়ে বিডিও-র অবাধ বিচরণে প্রশ্নের মুখে আইনের শাসন

শুভঙ্কর চক্রবর্তী ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের অন্যরূপ দেখতে...

Leopard Caged | ভোটের মুখে স্বস্তি! ১৭ দিনের টানটান উত্তেজনা শেষে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ

ফালাকাটা: একদিকে যেমন ভোটের প্রচারকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে...

WB Election 2026 | শিলিগুড়ি ছেড়ে ঘরের পথে সাধারণ মানুষ! জনসমুদ্র তেনজিং নোরগে টার্মিনাসে

শিলিগুড়ি: গণতন্ত্রের উৎসবে শামিল হতে কাজের শহর ছেড়ে ঘরের...