উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের জের। তদন্তকারীদের নজরে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয় (Al-Falah University)। অভিযোগ উঠেছে, নিজেদের ওয়েবসাইটে অনুমোদনের মিথ্যা তথ্য প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতিই দেয়নি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (ন্যাক)। এবার আল-ফালাহকে শোকজ নোটিশ পাঠাল ন্যাক।
শোকজ নোটিশে (Show cause notice) ন্যাক (NAAC) লিখেছে, ‘আল-ফালাহ কখনও স্বীকৃতির জন্য আবেদন করেনি। তাকে স্বীকৃতি দেয়নি ন্যাক। তারা আরও জানিয়েছে, আল-ফালাহর ওয়েবসাইটে লেখা রয়েছে, ‘আল-ফালাহ বিশ্ববিদ্যালয় আল-ফালাহ দাতব্য ট্রাস্টের উদ্যোগে তৈরি। এর ক্যাম্পাসে তিনটি কলেজ চালানো হয়— আল ফালাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (১৯৯৭ সাল থেকে রয়েছে। ন্যাক ‘এ’ গ্রেড দিয়েছে), ব্রাউন হিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (২০০৮ সাল থেকে), আল-ফালাহ স্কুল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং (২০০৬ সাল থেকে রয়েছে, ‘এ’ গ্রেড দিয়েছে ন্যাক)।’ নিজেদের ওয়েবসাইটে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের দেওয়া এই তথ্য ‘ভুল’। পড়ুয়া, অভিভাবক, অংশীদারদের ভুলপথে তা চালিত করছে। এনিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখ্যা তলব করেছে ন্যাক। বিশ্ববিদ্যালয়ের তরফে স্বীকৃতি নিয়ে নিজেদের ওয়েবসাইটে দেওয়া তথ্য দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে (Delhi Blast) প্রাণ হারিয়েছেন ১৩ জন। আহত বহু। এই ঘটনার তদন্তে নেমে তিনজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কোনও না কোনওভাবে জড়িত থাকার তথ্য সামনে এসেছে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। তারপরই তদন্তকারীদের আতশকাচের নীচে ওই বিশ্ববিদ্যালয়।

