সুভাষ বর্মন,পলাশবাড়ি: আলিপুরদুয়ার (Alipurduar) ১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঁঠালবাড়ি গ্রামে ২০১৭ সালে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হয়। কিন্তু এতদিনেও সেই কেন্দ্রটি চালু হয়নি। সেই কেন্দ্রটি যেন ‘মিনি হিমঘরে’ পরিণত হয়েছে। সেখানে মজুত করা হয়েছে আলু। অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জমি দাতা বিশ্বজিত সরকার পাকা ঘর ব্যক্তিগত কাজে ব্যবহার করছিলেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতরে আলু মজুত করে রাখা হয়েছে।
মঙ্গলবার গ্রামের মানুষ সেখানে জড়ো হন। তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির তালা খুলে সব দেখেন এবং নিজেরা ফের তালা লাগিয়ে সেই চাবি পঞ্চায়েত সদস্য ঝন্টু সরকারের হাতে তুলে দেন। স্থানীয়দের দাবি,এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এখন প্রশাসন ব্যবহার করুক। বাচ্চাদের পঠন পাঠন চালু হোক। কিন্তু ঘর তৈরি হওয়ার পরও কেন্দ্রটি চালু হল না কেন সেই প্রশ্নের উত্তর মিলছে না।


খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ার ১ পঞ্চায়েত সমিতির সদস্য জীবন সরকার। তিনি জানান,গ্রামবাসীদের ডাকেই এখানে আসা। কেন এতদিনেও কেন্দ্রটি চালু হয়নি সেই বিষয়টি প্রশাসনের উপরমহলে জানাবো। এদিকে অভিযুক্ত বিশ্বজিত সরকারকে এদিন বাড়িতে পাওয়া যায়নি। তার স্ত্রী মঞ্জু সরকার জানান,আমাদের জমিতেই ঘরটি তৈরি হয়। এতদিনেও সেটি চালু হয়নি। তাই কিছুদিন থেকে ওখানে আলু রাখা হয়েছে।

