পুণ্ডিবাড়ি: আবাস যোজনার তালিকা তৈরিতে ফের শাসকদলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ বিজেপির। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধানরা বিজেপির পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে নিজেদের পছন্দমতো আবাস যোজনার প্রাপকদের নামের তালিকা তৈরি করেছেন। ফলে যে এলাকাগুলিতে বিজেপির পঞ্চায়েত সদস্য রয়েছেন সেই সমস্ত এলাকার সাধারণ হতদরিদ্র মানুষ আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হবেন।
এই অভিযোগ তুলে সোমবার স্থানীয় বিডিও’র দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা কোষাধ্যক্ষ সুজিত দেব সহ অন্যরা। সুজিতের অভিযোগ, ‘আবাস যোজনার নামের তালিকা তৈরিতে স্বজনপোষণ করা হয়েছে। এই নতুন নামের তালিকা তৈরিতে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। বিজেপির পঞ্চায়েত সদস্যদের এই বিষয়টি জানায়নি প্রধানরা।’ তাঁর সংযোজন, ‘ সোমবার সেই নামের তালিকা জমা দেওয়ার শেষ দিন। তাই আমরা বিডিওর দ্বারস্থ হয়েছি।’ এর যদি সুরাহা না হয়, তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় বিজেপি নেতৃত্ব।


গত বৃহস্পতিবার কোচবিহার-২’র বিডিও বিশ্বজিৎ মণ্ডল সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে একটি বৈঠক করেন। বিডিও জানান, ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাঁদের প্রত্যেক বুথ থেকে নতুন করে আবাস যোজনার নামের তালিকা তৈরি করতে বলা হয়েছে। সোমবার সেই তালিকা জমা দেওয়ার শেষ দিন। বিজেপির অভিযোগ নিয়ে তিনি বললেন, ‘পঞ্চায়েত সদস্যদের যদি প্রধানের কাছে আবাসের নামের তালিকা জমা দিতে অসুবিধা হয়, তাহলে সরাসরি আমার কাছে এসেও সেই তালিকা জমা দিতে পারবেন।’
কোচবিহার-২ ব্লকের পুণ্ডিবাড়িতে আবাস যোজনার নামের তালিকা তৈরিতে স্বজনপোষণের অভিযোগ তুলে এদিন গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়েছেন এলাকার বিজেপি নেতারা। সেখানে ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি সম্পদ তালুকদার, বিজেপির পঞ্চায়েত সদস্যরা। এই স্বজনপোষণের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার পুণ্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েত দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে বিজেপি।
পুণ্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেফালি রায় অবশ্য জানালেন, তিনি এখনও পর্যন্ত এইরকম নামের কোনও তালিকাই তৈরি করেননি। তাঁর দাবি, ‘আমি এখনও পর্যন্ত কোনও তালিকা তৈরি করিনি। এমনকি কোনও পঞ্চায়েত সদস্যের কাছ থেকেও আবাসের জন্য কোনও নাম নেওয়া হয়নি। সোমবার গ্রাম পঞ্চায়েতের সাধারণ বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি এখন অন্যদিকে মোড় নিয়েছে। আমি আর এই বিষয়ে কিছু বলতে রাজি নই।’

