শ্রীনগর: অমরনাথ যাত্রা (Amarnath Yatra) শুরু হচ্ছে বৃহস্পতিবার। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার অমরনাথ গুহায় তুষার-ধবল শিব দর্শন করে পুণ্য অর্জনের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক তীর্থযাত্রী এইসময় অমরনাথে আসেন। ব্যতিক্রম হচ্ছে না এবারও। কয়েক মাস আগেই ঘটে গিয়েছে পহলগাম কাণ্ড। স্বভাবতই অমরনাথ যাত্রা উপলক্ষ্যে এবার আরও বেশি সতর্ক জম্মু ও কাশ্মীর পুলিশ এবং প্রশাসন। ৩৮ দিনের যাত্রা শেষ হবে ৯ অগাস্ট।
তীর্থযাত্রীরা রওনা হওয়ার আগে যাত্রাপথে তল্লাশি অভিযান জোরদার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। আধাসেনার সঙ্গে সমন্বয় করে জম্মু শহরজুড়ে তৈরি হয়েছে একাধিক চেক পয়েন্ট। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, তল্লাশি, নজরদারি ২৪ ঘণ্টা চলছে। সেইসঙ্গে চলছে ব্যক্তি যাচাই। এটা যৌথভাবে করছে পুলিশ, সিআইএসএফ, সিআরপিএফ ও আইটিবিপি। লক্ষ্য একটাই। তা হল তীর্থযাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা।


নির্দিষ্ট দু’টি রুটের মধ্যে একটি ৪৮ কিলোমিটার দীর্ঘ পহলগামের রাস্তা, অন্যটি গান্ডেরবালের বালতাল রুট। দৈর্ঘ্যে ১৪ কিলোমিটার হলেও বালতালের রুট প্রচণ্ড খাড়া। দু’টি জেলার কৌশলগত জায়গাগুলিতে নিরাপত্তার বহর দেখার মতো। জাতীয় সড়ক, যাত্রাপথের প্রান্তিক এলাকা, ভগবতীনগর বেসক্যাম্প সহ সংবেদনশীল সমস্ত জায়গায় চেক পয়েন্ট চালু থাকছে ২৪ ঘণ্টা। এগুলি মনিটরিং করছেন পুলিশের শীর্ষস্থানীয় কর্তারা। জম্মুর এসএসপি যোগিন্দর সিং ও এসপিজির গ্রুপ কমান্ডাররা জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে সালুরা পর্যন্ত যাত্রাপথের নিরাপত্তা পর্যালোচনা খুঁটিয়ে পর্যালোচনা করেছেন।

