উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এক রাজনৈতিক জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। বন্দে মাতরম গানের ১৫০ বছর পূর্তি উদযাপনের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, তুষ্টিকরণের রাজনীতির কারণে তৃণমূল এই মহান গানের বিরোধিতা করছে। সভা থেকে বাংলার মানুষকে ‘রাষ্ট্রভক্ত’ সরকার গড়ার আহ্বান জানান শাহ।
অমিত শা তাঁর ভাষণে মনে করিয়ে দেন যে, ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র ছিল ‘বন্দে মাতরম’। এই গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মোদি সরকার দেশজুড়ে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। শাহের অভিযোগ, “বন্দে মাতরমের জন্ম এই বাংলার মাটিতে। সংসদে যখন এই গান নিয়ে আলোচনা চলছিল, মমতার সাংসদরা তার বিরোধিতা করেছেন। অনুপ্রবেশকারীদের খুশি করতেই মমতা এই কাজ করছেন। এটা বাংলার অস্মিতা ও ভারতের স্বাভিমানের বিরোধিতা।”


রাজ্য সরকারের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ বাম আমল থেকে মুক্তি পেতে তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাঁর কথায়, “বাংলায় এখন কাটমানি, ভাইপোর দাদাগিরি এবং অনুপ্রবেশ একটা শিল্পে পরিণত হয়েছে।” ২০২৬-এর নির্বাচনকে ইঙ্গিত করে তিনি বলেন, “এটা তৃণমূল সরকারকে টাটা বাই বাই করার বছর। রাজ্যে প্রচুর জনমতে বিজেপির সরকার তৈরি হবে।” এদিনের সভা থেকে তিনি মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের পবিত্র মাটিকেও প্রণাম জানান।

