উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অঙ্গ এবং কলিঙ্গের পর এবার গেরুয়া শিবিরের বঙ্গ জয় সম্পন্ন। ঐতিহাসিক জয়ের পর এবার বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। আর এই মাহেন্দ্রক্ষণেই বড় চমক দিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী বাছার গুরুদায়িত্ব অর্পণ করা হলো খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)-র কাঁধে। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে তাঁর নাম ঘোষণা করে বিজেপি বুঝিয়ে দিল, বঙ্গ-বিজয়কে তারা কতটা গুরুত্বের সঙ্গে দেখছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির (BJP) এই সিদ্ধান্ত একপ্রকার ‘বেনজির’। সাধারণত পরিষদীয় দলনেতা নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রতিনিধিদের পাঠানো হলেও, খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর পর্যবেক্ষক হয়ে আসা কার্যত ইতিহাস সৃষ্টি করল। রীতি ভেঙে পরিষদীয় দলনেতা তথা বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী বাছতে ফের তিলোত্তমায় পা রাখছেন অমিত শা। জয়ী বিধায়কদের সঙ্গে আলোচনার পর তাঁর সিলমোহরই ঠিক করে দেবে বাংলার ভবিষ্যৎ।


আগামী ৯ মে, অর্থাৎ ২৫ বৈশাখ কবিগুরুর জন্মদিনে শপথ নিতে চলেছে বাংলার প্রথম বিজেপি সরকার। কিন্তু বাঙালির আবেগের এই বিশেষ দিনে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নেবেন? আলোচনার কেন্দ্রে রয়েছেন একাধিক হেভিওয়েট নাম। তবে শাহী-চমকের ইতিহাসে অনেক সময়ই দেখা গিয়েছে, আলোচনার বাইরে থাকা কোনো ‘ডার্ক হর্স’কে সামনে নিয়ে আসা হয়। এবারও কি শা তেমন কোনো তুরুপের তাস বের করবেন, নাকি পরিচিত মুখেই ভরসা রাখবে দল? এই প্রশ্নের উত্তর পেতে আপাতত চাতক পাখির মতো চেয়ে আছে গোটা বাংলা।
উল্লেখ্য, ‘মিশন ২০২৬’-এর নেপথ্য কারিগর ছিলেন অমিত শা নিজেই। গত এক মাসে মোট ২৯টি জনসভা এবং ১১টি রোড শো করে বাংলার কোণায় কোণায় পৌঁছে গিয়েছিলেন তিনি। ‘সংকল্প পত্র’ থেকে শুরু করে ‘চার্জশিট’—সবই ছিল তাঁর নিখুঁত রণকৌশলের অংশ। সোমবারের ঐতিহাসিক ফলের পর এটা স্পষ্ট যে, শাহী-পরামর্শেই সাফল্যের মুখ দেখেছে বঙ্গ বিজেপি। তাই সরকার গঠনের চূড়ান্ত লগ্নেও তাঁর ওপর ভরসা রাখল দল। এখন শুধু সময়ের অপেক্ষা—শা-র কলম কার নাম চিহ্নিত করে।

