উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah Mayapur Visit)। বুধবার মায়াপুর ইসকনে (ISKCON) শ্রীমৎ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের ১৫২তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। কড়া নিরাপত্তার ঘেরাটোপে এদিন মায়াপুরে পৌঁছান তিনি। অনুষ্ঠান মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং শমীক ভট্টাচার্য।
মায়াপুরে শাহী সম্ভাষণ:
অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ‘হরে কৃষ্ণ’ ধ্বনি দিয়ে নিজের বক্তৃতা শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রাজনৈতিক ব্যক্তিত্ব বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, বরং মহাপ্রভু শ্রীচৈতন্যের একজন সাধারণ ভক্ত হিসেবেই তিনি এই পুণ্যভূমিতে এসেছেন। শা বলেন, “মায়াপুরে আসতে পেরে আমি ধন্য। এখানে এসে নিজের চেতনাকে জাগ্রত করার এক অনন্য সুযোগ পেলাম। এই মাটির টান আর ভক্তির পরিবেশ মনকে শান্তি দেয়।”
প্রধানমন্ত্রীর বার্তা:
এদিন বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi Message) প্রসঙ্গও টানেন অমিত শা (Amit Shah)। তিনি জানান, মায়াপুরে আসার আগে সকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রধানমন্ত্রী মায়াপুরের সমস্ত ভক্তদের ‘হরে কৃষ্ণ’ অভিবাদন জানিয়েছেন এবং এই পবিত্র অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন।
অমিত শা-র কথায়, ‘ভালো-খারাপ সকলের মধ্যেই থাকে। শ্রীকৃষ্ণের স্মরণে গেলে সবকিছু শান্ত হয়। কৃষ্ণের নাম নেয় না, বিশ্বে এমন কেউ নেই। ভক্তি আন্দোলনকে সর্বত্র ছড়িয়েছেন শ্রীকৃষ্ণ।’
ভক্তির টানে মায়াপুর:
চলতি বছরে এটি অমিত শা-র দ্বিতীয় রাজ্য সফর। তাঁর এই সফরকে কেন্দ্র করে মায়াপুর চত্বরে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র মায়াপুর সারা বিশ্বকে শান্তির পথ দেখায় এবং এখান থেকে পাওয়া ইতিবাচক শক্তি নিয়ে তিনি পুনরায় দেশসেবার কাজে ফিরবেন। এদিন ‘হরে কৃষ্ণ’ ধ্বনি দিয়ে নিজের বক্তৃতা শেষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

