উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ তৃণমূল শাসনের অবসানের পর এবার বাংলার মসনদে গেরুয়া শিবির। কিন্তু কে হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ, বুধবার কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। বিজেপি সূত্রে খবর, বিধানসভায় পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য খোদ শা-কে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকছেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।
রাজনৈতিক মহলের ধারণা, মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তিনি এখন জয়ের নায়ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-র ‘স্নেহধন্য’ হিসেবে পরিচিত শুভেন্দুকেই কেন্দ্রীয় নেতৃত্ব সবুজ সংকেত দিতে পারে বলে জল্পনা তুঙ্গে।


শুভেন্দু এগিয়ে থাকলেও লড়াইয়ে আরও কিছু নাম নিয়ে গুঞ্জন রয়েছে। আরএসএসের (RSS) পক্ষ থেকে রাসবিহারী জয়ী স্বপন দাশগুপ্তর নাম সুপারিশ করা হতে পারে বলে খবর। এছাড়াও দৌড়ে রয়েছেন দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্যের মতো নেতারা। তবে শেষ পর্যন্ত শা কাকে বেছে নেন, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।
তৃণমূলের ‘বাঙালি বিরোধী’ তকমা মুছতে বিজেপি এক বিশেষ পরিকল্পনা নিয়েছে। আগামী ৯ মে, অর্থাৎ ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন বলে অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে। শপথগ্রহণের স্থান হিসেবে রাজভবনের পাশাপাশি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, শহিদ মিনার বা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের নামও ভাবা হচ্ছে। যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং উপস্থিত থাকতে পারেন, তাই নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আজকের বৈঠকের পরেই স্পষ্ট হবে বাংলার আগামী পাঁচ বছরের কাণ্ডারি কে হতে চলেছেন।

