উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর সেই উৎসবের মেজাজ কয়েক গুণ বাড়িয়ে দেয় কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া। বিশেষ করে পয়লা বৈশাখ মানেই পাতে বাহারি পদের ছড়াছড়ি। তবে ভোজের শেষে মিষ্টিমুখ ছাড়া উৎসবের ইতি টানা বাঙালির স্বভাবে নেই। রসগোল্লা বা সন্দেশ তো সবসময়ই থাকে, কিন্তু এবারের নতুন বছরে অতিথিদের অবাক করতে বাড়িতেই বানিয়ে ফেলুন সম্পূর্ণ ভিন্ন স্বাদের আমসত্ত্বের পায়েস (Recipe)।
আমের স্বাদে ভরপুর এই রাজকীয় মিষ্টান্নটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু। এই পদটি আপনার সাধারণ ভোজের আয়োজনে নিয়ে আসবে এক নতুন আভিজাত্য। রইল রেসিপি।


উপকরণ:
আমসত্ত্ব ২৫০ গ্রাম (ছোট টুকরো করে কাটা)
দুধ ১ লিটার
চিনি ২ টেবিল চামচ
কনডেন্সড মিল্ক আধ কাপ
কাজু ও কিশমিশ (এক মুঠো করে)
এলাচ গুঁড়ো ১ চা চামচ
বাদামকুচি ২-৩ টেবিল চামচ (সাজানোর জন্য)
প্রণালী:
প্রথমে একটি বড় পাত্রে এক লিটার দুধ জ্বাল দিতে শুরু করুন। দুধ নাড়তে নাড়তে ঘন করে অর্ধেক পরিমাণ করে নিতে হবে। দুধ ঘন হয়ে এলে তাতে আগে থেকে কুচিয়ে রাখা আমসত্ত্বের টুকরোগুলো দিয়ে দিন। হালকা আঁচে দুধ ফোটাতে থাকুন যতক্ষণ না আমসত্ত্বের সোনালি রং দুধের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।
এবার একে একে কাজু ও কিশমিশ দিয়ে দিন। মিষ্টির ভারসাম্য বজায় রাখতে মেশান চিনি ও কনডেন্সড মিল্ক। মিশ্রণটি থকথকে হয়ে এলে ওপর থেকে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিন।
আমসত্ত্বের পায়েস ঠান্ডা হলে বেশি সুস্বাদু লাগে। তাই ঘরের তাপমাত্রায় এনে বা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। পরিবেশনের আগে ওপর থেকে বাদামকুচি ছড়িয়ে দিলে এর স্বাদ ও রূপ দুই-ই খুলে যাবে। এবারের নববর্ষে সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার এই মিশেল আপনার প্রশংসার ঝুলি যে ভরিয়ে দেবে, তা বলাই বাহুল্য!

