চালসা: বাতাবাড়ি পিএনবি ব্যাংক পাড়া সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গলে (Chalsa) আশ্রয় নিয়েছে হাতির দল (Elephant)। হাতির ভয়ে কাঁটা জঙ্গল লাগোয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ফলে সকাল থেকে দেখা মিলল না কোনও শিশুর। তাই বাধ্য হয়ে রান্না করা খাবার বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। খবর পেয়ে এলাকায় আসেন খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। জঙ্গল সংলগ্ন এলাকায় টহলদাড়ির পাশাপাশি মাইকিং করে জনগণকে সচেতনও করেন বনকর্মীরা।
বুধবার সকালে বাতাবাড়ি পিএনবি ব্যাংক পাড়া সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গলে সড়কের পাশে ওই হাতির দল চলে আসে। হাতি দেখতে সকালে বহু মানুষের ভিড় হয়। খরিয়ার বন্দর জঙ্গল লাগোয়া এলাকায় রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এদিন ওই কেন্দ্র পরিদর্শনে আসেন মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, যেহেতু কেন্দ্রটির সংলগ্ন জঙ্গলে হাতির দল রয়েছে। তাই কর্মীদের কোনওরকম ঝুঁকি না নিয়ে তাড়াতাড়ি রান্না করে খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে।
পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার বেলা সরকার বলেন, ‘হাতির কারণে আমরা খুব আতঙ্কে রয়েছি। আজ কোনও এবং মা আসেনি। তবে আমাদের দায়িত্ব আমরা করেছি।’
এদিকে হাতির খবর পেয়ে এলাকায় আসে খুনিয়ে স্কোয়াডের বনকর্মীরা। তারা জঙ্গল সংলগ্ন এলাকায় টহলদারির পাশাপাশি মাইকিং করে জনগণকে সচেতন করছেন।

