ডালখোলা: আরজি কর কাণ্ডে রাজ্য পুলিশের ভূমিকার প্রতিবাদে থানা শুদ্ধিকরণ অভিযান ডালখোলায়। সোমবার রাজ্যজুড়ে বিভিন্ন থানায় এই কর্মসূচির কথা ঘোষণা করা হয় ভারতীয় জনতা মহিলা মোর্চার পশ্চিমবঙ্গ শাখার তরফে। সেই মত বিজেপির করণদিঘি বক্ল মহিলা মোর্চার তরফে ডালখোলা থানায় শুদ্ধিকরণ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান উওর দিনাজপুর জেলার মহিলা মোর্চার সভানেত্রী সম্পা সরকার।
এদিন দুপুরে সংগঠনের নেতাকর্মীরা ডালখোলা বাসস্ট্যান্ডে জমায়েত হন। এরপর কর্মীরা ঝাড়ু, জল ভর্তি কলসি এবং শঙ্খ নিয়ে মিছিল করে উপস্থিত হন ডালখোলা থানায়। থানার সদর দরজা ঘিরে বিশাল পুলিশবাহিনী দাঁড়িয়ে থাকার কারণে থানায় সামনে রাস্তায় বসে পড়েন দলীয়কর্মীরা। উপস্থিত পুলিশকর্মীদের লক্ষ্য করে জলের ছিটাও দেন দলের মহিলাকর্মীরা। অন্যদিকে, কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন ডালখোলা এসডিপিও রথীন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে থানায় মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী।

