সামসী: চাঁচল রাজনীতিতে কংগ্রেসের (Congress) অন্তর্কলহ এবার প্রকাশ্যে আছড়ে পড়ল। দলের প্রার্থী নির্বাচন এবং জেলা নেতৃত্বের উদাসীনতার প্রতিবাদে সোমবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা আনজারুল হক জনি (Anjarul Haque Joni)। এদিন মনোনয়ন জমা দিয়ে জেলা কংগ্রেস সভাপতি ইশা খান চৌধুরীকে (Isha Khan Choudhury) নজিরবিহীন ভাষায় আক্রমণ শানান তিনি।
মনোনয়ন দাখিলের পর সংবাদমাধ্যমের সামনে ইশা খান চৌধুরীকে সরাসরি নিশানা করে জনি বলেন, ‘‘তিনি বাপের দেওয়া প্যারাসুট নেতা।’’ তাঁর অভিযোগ, প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছিল। টানা সাত দিন দলীয় কার্যালয়ে কর্মীরা ধরনা দিলেও জেলা সভাপতি তাঁদের সঙ্গে কথা বলার বা ক্ষোভ প্রশমনের কোনো প্রয়োজন বোধ করেননি। নেতৃত্বের এই অবহেলাই তাঁকে নির্দল হিসেবে দাঁড়াতে বাধ্য করেছে বলে দাবি তাঁর।
আনজারুল হক জনি জানান, তাঁর এই লড়াই শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং বঞ্চিত ও ক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের আবেগের প্রতিফলন। তিনি দাবি করেন, মাঠের লড়াইয়ে থাকা কর্মীদের একটি বড় অংশ তাঁর পাশেই রয়েছেন এবং তাঁদের সমর্থন নিয়েই তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই চাঁচল কংগ্রেসে ভাঙন ও পদত্যাগের খবর সামনে আসছিল। আনজারুলের এই নির্দল লড়াই এখন কংগ্রেসের ভোটব্যাঙ্কে কতটা প্রভাব ফেলে এবং ভোটের ময়দানে কার সুবিধা করে দেয়, সেটাই এখন দেখার।

