শিলিগুড়ি: ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরে তিনদিনব্যাপী বার্ষিক সম্মেলনের আয়োজন করল অল ইন্ডিয়া তামাং বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন। দার্জিলিংয়ের (Darjeeling News) লেবংয়ে (Lebong) গোর্খা স্টেডিয়ামে (Gorkha Stadium) ৩৮তম এই সম্মেলন চলছে। তামাং সংস্কৃতির এই সম্মেলনে পর্যটকরাও অংশ নিচ্ছেন।
ভারতের স্বাধীনতা সংগ্রামে তামাংদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু তাঁদের আত্মবলিদান সম্পর্কে অনেকেরই জানা নেই। এই সম্মেলনে সেব্যাপারে আলোচনা করা হয়। এছাড়া তামাং সংস্কৃতির সঙ্গে পর্যটকদের পরিচয় করে দিতে তাঁদের খাবার ও নাচ, গান পরিবেশন করা হয়। তিনদিনব্যাপী অনুষ্ঠান চলবে।
২৬ জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠানে ঐতিহ্যবাহী তামাং সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবেন পর্যটকরা। সেকারণে অনুষ্ঠানে শেলরুটি, মোমো, চাউমিন সহ বিভিন্ন রকমের খাবার পাওয়া যাবে। অনুষ্ঠানের প্রশংসা করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং গোলে। শনিবার তিনি লেবংয়ে এসে এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। দার্জিলিংয়ের পাশাপাশি সিকিমেও এধরনের অনুষ্ঠানের আয়োজনের কথা তিনি জানিয়েছেন। এই সভা নিয়ে সংগঠনের কার্যনির্বাহী সভাপতি কিরণ দোং বলেন, ‘তামাং সংস্কৃতি সম্পর্কে অনেকেই জানেন না। কিন্তু ঐতিহ্যবাহী এই সংস্কৃতিতে অনেক কিছু রয়েছে। তামাং সংস্কৃতি নিয়ে সাধারণ মানুষ যাতে আরও বেশি জানতে পারেন, সেজন্য বহু বছর ধরে এধরনের সম্মেলনের আয়োজন করা হয়।’ এই সম্মেলনে তামাং সম্প্রদায়ের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়। পাহাড়ে ঘুরতে এসে অনেক পর্যটকও এই সম্মেলনে অংশ নেন।

