প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: “জেল আমাদের কাছে বাড়ির মতো, থানা আড্ডাখানা। নির্বাচন কমিশন কী ওষুধ তৈরি করেছে,সেটা দেখার দরকার নেই। আমার যা দেওয়ার, আমি দিয়ে দিয়েছি।” শুক্রবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভার তৃণমূল (TMC) প্রার্থী অপূর্ব চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভার যোগ দিয়ে এই ভাবেই নির্বাচন কমিশনের উদ্দেশ্যে চ্য্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। একই সঙ্গে তিনি মঙ্গকোটের কাশেমনগরের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করেন,“এটা রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) জায়গা। বেশি বাড়াবাড়ি করলে সব সামলে দেবে।”
শুধু কমিশনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াই নয়, এদিন কাশেমনগরের জনসভা থেকে অনুব্রত মণ্ডল একাধিক ইশ্যুতে বিজেপি ও কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন,“মানুষকে বলেছি ভাঁওতার কাছে যেন না ঝোঁকে। বিরোধীদের হুমকিতে তৃণমূল কর্মীরা ভয় পায় না। জেল আমাদের কাছে বাড়ির মতো, থানাও আড্ডাখানা।”


কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল বলেন,“এগুলো বাংলাকে ভয় দেখানোর জন্য আনা হয়েছে। বাংলার মানুষ ভয় পায় না, এর জবাব দেবে ভোটে।” এবারের বিধানসভা ভোটে তৃণমূল কত আসন পাবে তার ব্যাখ্যা দিতে গিয়ে অনুব্রত বলেন,“আমরা ২৩০ থেকে ২৩৫ আসন পাব।
এরপরেই নির্বাচন কমিশনকে কটাক্ষ করে অনুব্রত বলেন, “বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। এখানে সাঁজোয়া গাড়ি আসুক বা যাই আসুক, বেশি বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব। আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেই পারেন।” সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন, “খেলা চলছে, আর বাংলার মানুষই শেষ কথা বলবে।”

