বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) তপন ও বালুরঘাট বিধানসভা কেন্দ্রের ‘এসআইআর’ (SIR) শুনানি কেন্দ্রগুলি পরিদর্শন করলেন তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ (TMC Leader Arpita Ghosh)। বুধবার সকালে তিনি প্রথমে তপন এবং পরে বালুরঘাটের ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর জেলায় এডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।
শুনানি কেন্দ্রগুলি ঘুরে দেখার পর অর্পিতা ঘোষ অভিযোগ করেন, সাধারণ মানুষকে শুনানির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, যা অত্যন্ত ‘অমানবিক’। তিনি দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, প্রতিটি ক্যাম্পে উপস্থিত থেকে মানুষের সমস্যার দ্রুত সমাধান করতে। এদিন পুরনো কর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন।


তৃণমূল নেত্রীর এই তৎপরতাকে অবশ্য আমল দিতে নারাজ বিজেপি (BJP) নেতৃত্ব। বালুরঘাট বিধানসভার বিজেপি নেতৃত্বের দাবি, অর্পিতা ঘোষ যতই এলাকায় ঘুরুক বা জনসংযোগের চেষ্টা করুক, তাতে কোনও লাভ হবে না। মানুষ তৃণমূলকে ভোট দেবে না বলেই তাদের দাবি।
এসআইআর শুনানি ঘিরে একদিকে যখন তৃণমূলের তৎপরতা তুঙ্গে, অন্যদিকে তখন বিজেপির এই পাল্টাপাল্টি মন্তব্যে জেলার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।

