উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গ রাজনীতিতে ফের এক চমকপ্রদ দলবদল। এবার বিজেপির মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর প্রাক্তন স্ত্রী অরুণা মার্ডি (Aruna Mardi TMC Joining) যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (TMC)। বুধবার তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বনমন্ত্রী বিরবাহা হাঁসদার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল পতাকা হাতে তুলে নেন তিনি। ভোটের মাঝে এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বাম থেকে রাম হয়ে এবার ঘাসফুল
অরুণা মার্ডির রাজনৈতিক সফর বেশ বৈচিত্র্যময়। এক সময় তিনি সিপিএমের (CPM) সক্রিয় সদস্য ছিলেন এবং গণতান্ত্রিক মহিলা মোর্চার গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। পরে বিজেপিতে যোগ দেন। পরবর্তীকালে খগেন মুর্মু যখন সিপিএম ত্যাগ করে বিজেপিতে যোগ দেন এবং লোকসভা নির্বাচনে প্রার্থী হন, তখন অরুণা মার্ডিকে স্বামীর হয়ে জোরকদমে প্রচার করতে দেখা গিয়েছিল। কিন্তু রাজনৈতিক মতাদর্শের পরিবর্তনের কারণে এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাদলে নাম লেখালেন।
কেন তৃণমূলকে বাছলেন অরুণা?
তৃণমূল ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরুণা মার্ডি বলেন, “আমি সিপিএম এবং বিজেপির সঙ্গেও ছিলাম। কিন্তু সেখানে কাজের তেমন সুযোগ বা জায়গা পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ আমার ভালো লাগে। বিশেষ করে এসসি এবং এসটি (তপসিলি জাতি ও উপজাতি) মহিলাদের অধিকার নিয়ে আমি বড় পরিসরে কাজ করতে চাই, তাই তৃণমূলে যোগ দিলাম।”
খগেন মুর্মুর (Khagen Murmu) বিজেপির সাংসদ হওয়া সত্ত্বেও তাঁর তৃণমূলে যোগদান নিয়ে প্রশ্নে অরুণা স্পষ্ট জানান, “প্রত্যেক মানুষের নিজস্ব রাজনৈতিক চিন্তাভাবনা বা মতাদর্শ থাকে। উনিও তো সিপিএম থেকে বিজেপিতে গিয়েছেন।” ব্রাত্য বসু বলেন, অরুণার মতো অভিজ্ঞ নেত্রীর আগমনে উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠন আরও বৃদ্ধি পাবে।

