উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার দিল্লিতে বসবাসকারী ভাড়াটেদের (Tenants) জন্যও বড় ঘোষণা করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির বিধানসভা নির্বাচনে আপ ক্ষমতায় ফিরলে বিনামূল্যে বিদ্যুৎ ও জলের পরিষেবা পাবেন ভাড়াটেরাও (Free electricity, water)। শনিবার একথা জানিয়েছেন কেজরিওয়াল।
এদিন কেজরিওয়াল বলেন, ‘আমি যেখানেই যাই না কেন, ভাড়াটেদের সঙ্গে দেখা হলে তাঁরা জানান, দিল্লিতে ভালো স্কুল, হাসপাতালের সুবিধা পেলেও বিদ্যুৎ এবং জল সংক্রান্ত সরকারি পরিষেবা থেকে বঞ্চিত।’ এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কেজরিওয়াল বলেন, ‘আমরা দিল্লির বাসিন্দাদের বিনামূল্যে বিদ্যুৎ ও জল সরবরাহ করেছি। তবে, দুর্ভাগ্যজনক যে ভাড়াটেরা এই সুবিধাগুলি পান না। তবে আজ আমি ঘোষণা করতে চাই যে আমাদের সরকার ফের ক্ষমতায় ফিরলে ভাড়াটেদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ ও জল সরবরাহের ব্যবস্থা চালু করব আমরা।’


দিল্লিতে ফের ক্ষমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আম আদমি পার্টি (AAP)। ইতিমধ্যেই ভোটারদের আকৃষ্ট করার জন্য দিল্লির বিধানসভা নির্বাচনের (Delhi Assembly elections) প্রাক্কালে একাধিক প্রতিশ্রুতি ঘোষণা করেছে আপ। ক্ষমতায় এলে দিল্লির মহিলা ভোটারদের মাসিক ২১০০ টাকা ভাতা, বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা, অটোচালকদের ১০ লক্ষ টাকার বিমা, পুরোহিত এবং গ্রন্থিদের মাসিক ১৮০০০ টাকা ভাতা সহ আরও অনেক পরিষেবার ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি।

