আসানসোল: বুধবার আসানসোলের রেল পার এলাকার ইস্তেমা ময়দানে মিম (AIMIM) প্রার্থী দানিশ আজিজের সমর্থনে এক বিশাল নির্বাচনী (WB Election 2026) জনসভায় যোগ দিলেন দলের সর্বভারতীয় সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। সভা থেকে পশ্চিমবঙ্গ তথা আসানসোলের মুসলিম ভোটারদের সচেতন হওয়ার ডাক দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান তিনি।
ওয়াইসি তাঁর বক্তব্যে দাবি করেন, বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের মুসলমানরা কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূলের ওপর আস্থা রেখেছেন। কিন্তু কোনো দলই সেই আস্থার মর্যাদা দেয়নি। তাঁর কথায়, “সব দলই মুসলিমদের শুধুমাত্র ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। এর জন্য মুসলমানরা নিজেরাও আংশিকভাবে দায়ী।” তিনি জনগণকে আহ্বান জানান, নিজেদের ভোটব্যাংক হিসেবে নয়, সচেতন নাগরিক হিসেবে তুলে ধরতে।


মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পুরনো একটি মন্তব্যের সূত্র ধরে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ‘দুধেল গাই’ বলেছেন। আপনারা সচেতন না হলে নেতারা আপনাদের সাথে এই আচরণই করে যাবেন।” আসানসোল উত্তরের বাসিন্দাদের কাছে তিনি আবেদন করেন, সব দলকেই তো দেখা হয়েছে, এবার একবার মিম প্রার্থীর ওপর ভরসা রেখে জয় নিশ্চিত করতে।
ওয়াইসিকে প্রায়ই বিজেপির ‘বি টিম’ বলে আক্রমণ করা হয়। সেই প্রসঙ্গে পালটা দিয়ে তিনি বলেন, “মিম কখনও বিজেপির সঙ্গে যায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বিজেপির সঙ্গে জোট করে বাজপেয়ী সরকারের মন্ত্রী ছিলেন। তাই আমার দলের বিরুদ্ধে বিজেপিকে সাহায্য করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রার্থী দানিশ আজিজ সহ মিমের জেলা ও স্থানীয় নেতৃত্ব। হেলিকপ্টারে আসানসোলে পৌঁছালে ওয়াইসিকে বিশাল পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হয়।

