আসানসোল: আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই তপ্ত বাংলার রাজনীতি। আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেগা জনসভাকে কেন্দ্র করে তুঙ্গে প্রস্তুতি। আর সেই সভার সাফল্য নিশ্চিত করতে এবং রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের ডাক দিয়ে এবার অভিনব পথ বেছে নিল আসানসোল বিজেপি।
বৃহস্পতিবার সকালে আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের কাল্লা মোড়ে এক বিশাল মহাযজ্ঞের আয়োজন করা হয়। সমাজসেবী তথা বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদের উদ্যোগে আয়োজিত এই যজ্ঞের মূল উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর সভার সাফল্য এবং বাংলায় আসন্ন নির্বাচনে বিজেপি সরকার গঠনের প্রার্থনা করা।
যজ্ঞ শেষে কৃষ্ণা প্রসাদ জানান, প্রধানমন্ত্রীর আগমন এবং ব্রিগেডের জনসভাকে সফল করতেই এই যজ্ঞ। তারা চান, বাংলায় বর্তমান সরকারের অবসান ঘটুক এবং বিজেপি নতুন সরকার গঠন করুক। এবার বাংলা পরিবর্তনের জন্য প্রস্তুত। উল্লেখ্য, ১৪ মার্চের এই ব্রিগেড সভাকে পরিবর্তনের চূড়ান্ত বার্তা হিসেবে দেখছে পদ্ম শিবির। সূত্রের খবর, ওই দিন বেশ কয়েকজন হেভিওয়েট ব্যক্তিত্ব বিজেপিতে যোগ দিতে পারেন। তার আগে আসানসোলের এই মহাযজ্ঞ রাজনৈতিক মহলে বাড়তি নজর কেড়েছে।

