আসানসোল: আসানসোলের (Asansol) বেসরকারি হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতি ও অবহেলায় তিন বছরের এক শিশুর মৃত্যুর (Child Death) অভিযোগ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। শনিবার সকালে আসানসোল উত্তর থানার বিবেকানন্দ সরণীর (সৃষ্টিনগর) একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মৃত শিশুর নাম রিয়াঙ্কা মুখোপাধ্যায়, সে রানিগঞ্জ থানার সিয়ারশোলের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রিয়াঙ্কার জ্বর এলে তাকে প্যারাসিটামল খাওয়ানো হয়। বিকেলের দিকে হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ায় প্রথমে তাকে রানিগঞ্জের এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তাঁর পরামর্শমতো শুক্রবার রাতেই আসানসোলের ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসক দেবজিৎ মুখোপাধ্যায়ের অধীনে শিশুটিকে ভর্তি করা হয়। কিন্তু শনিবার সকালে আচমকাই শিশুটির মৃত্যুর খবর আসে। মৃত শিশুর মা মাম্পি মুখোপাধ্যায়ের অভিযোগ অত্যন্ত গুরুতর। তিনি জানান, সকালে রক্ত পরীক্ষার স্যাম্পেল নেওয়ার সময় শিশুর শরীরে যত্রতত্র সুচ ফোটানো হচ্ছিল। মা হিসেবে তিনি প্রতিবাদ করলে ওয়ার্ডে কর্তব্যরত নার্সরা তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। অভিযোগ, তাঁকে ধাক্কা দিয়ে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয় এবং স্বামীকে ফোন করতেও বাধা দেওয়া হয়। পরিবারের দাবি, সঠিক চিকিৎসা ও পরিচর্যার অভাবেই তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে রিয়াঙ্কার পরিজনরা হাসপাতালের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে আসানসোল উত্তর থানার ওসি কার্তার সিংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের (Police) হস্তক্ষেপে দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অভিযোগ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। আসানসোল উত্তর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “পরিবার মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে। তাঁদের লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ ইতিমধ্যেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ ও চিকিৎসার নথিপত্র খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

