উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের সংগীতজগতের এক অপূরণীয় শূন্যতা তৈরি করে না ফেরার দেশে চলে গিয়েছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (Passes Away)। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। এই কালজয়ী শিল্পীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।
রবিবার সকালের আশা ভোঁসলের স্বাস্থ্য নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর দ্রুত আরোগ্যও কামনা করেছিলেন তিনি। কিন্তু মাঝে কয়েক ঘণ্টার মধ্যেই যেন বদলে গেল সব। এদিন দুপুরে গায়িকার মৃত্যুতে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়া প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘আশা ভোঁসলে জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ভারতের সংগীতজগতে তিনি ছিলেন অন্যতম আইকনিক এবং বহুমুখী প্রতিভার অধিকারী কণ্ঠশিল্পী। দশকের পর দশক ধরে বিস্তৃত তাঁর অসাধারণ সংগীতযাত্রা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয় স্পর্শ করেছে। তা তাঁর হৃদয়স্পর্শী সুরই হোক কিংবা প্রাণবন্ত সংগীতশৈলী, তাঁর কণ্ঠে সর্বদা এক কালজয়ী দ্যুতি ফুটে উঠত। তাঁর সঙ্গে আমার যে আলাপচারিতা ও স্মৃতি রয়েছে, তা আমি চিরকাল সযত্নে লালন করব।’ তিনি আরও লেখেন যে, ‘তাঁর কণ্ঠস্বর আগামী প্রজন্মের মানুষকেও প্রতিনিয়ত অনুপ্রাণিত করে যাবে।’


Deeply saddened by the passing of Asha Bhosle Ji, one of the most iconic and versatile voices India has ever known. Her extraordinary musical journey, spanning decades, enriched our cultural heritage and touched countless hearts across the world. Be it her soulful melodies or… pic.twitter.com/SbFrzf1Meu
— Narendra Modi (@narendramodi) April 12, 2026
মমতা বন্দ্যোপাধ্যায়ও আশা ভোঁসলের মৃত্যুতে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মহান সংগীত প্রতিভা আশা ভোঁসলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি একজন অনুপ্রেরণাদায়ক এবং মন্ত্রমুগ্ধ গায়িকা যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের হৃদয়ে রাজত্ব করেছেন। তিনি অনেক বাংলা গানও গেয়েছেন, এবং বাংলাতেও অবিশ্বাস্যভাবে জনপ্রিয়। ২০১৮ সালে আমরা তাঁকে আমাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বঙ্গবিভূষণ প্রদান করতে পেরেছিলাম। তাঁর পরিবার এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
Profoundly saddened by the demise of the great musical genius Asha Bhosle.
She has been an inspiring and mesmerising singer who reigned over our hearts for generations.
She sang many Bengali songs too, and is incredibly popular in Bengal also. We could confer our highest…
— Mamata Banerjee (@MamataOfficial) April 12, 2026
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাও (Amit Shah) আশা ভোঁসলেকে ‘তাই’ বলে সম্বোধন করে এক আবেগঘন বার্তায় জানান, এটি ভারতের সংগীত প্রেমীদের কাছে একটি অত্যন্ত দুঃখের দিন। তিনি লেখেন, ‘আশা তাই কেবল তাঁর মিষ্টি কণ্ঠ আর অতুলনীয় প্রতিভা দিয়ে এক অনন্য পরিচয় তৈরি করেননি, বরং ভারতীয় সংগীতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। হিন্দি, মারাঠি, বাংলা, তামিল থেকে শুরু করে লোকসংগীত—সব ক্ষেত্রেই তাঁর কণ্ঠের জাদুতে তিনি অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন।’ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও এই প্রবাদপ্রতিম শিল্পীর প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেছেন।
आज हर भारतीय और विशेषकर मेरे जैसे हर संगीत प्रेमी के लिए दुःखद दिन है, जब हम सबकी प्रिय आशा भोसले जी हमारे बीच नहीं रहीं।
आशा ताई ने न सिर्फ अपनी मधुर आवाज और अद्वितीय प्रतिभा से एक अलग पहचान बनाई, बल्कि अपने सुरों से भारतीय संगीत को भी और अधिक समृद्ध किया। हर तरह के संगीत में… pic.twitter.com/ICbqgW6j38
— Amit Shah (@AmitShah) April 12, 2026
দীর্ঘ কয়েক দশক ধরে ভারতের সংগীত ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন আশা ভোঁসলে। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার সেখানেই মাল্টি-অর্গান ফেইলিউরের কারণে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে। বহুমুখী প্রতিভার অধিকারী এই গায়িকার কণ্ঠস্বর কেবল ভারত নয়, সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। আশা ভোঁসলের প্রয়াণে ভারতীয় সংগীতের একটি স্বর্ণযুগের অবসান ঘটল।

