ফাঁসিদেওয়াঃ গাঁজা পাচারের করিডর হয়ে উঠেছে ফাঁসিদেওয়া। কখনও সবজির আড়ালে, আবার কখনও ভুসির আড়ালে। মাঝে মধ্যেই ফাঁসিদেওয়া ব্লকে ধরা পড়ছে এই মাদকদ্রব্য। বুধবার ফের প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হল বাঁশ বোঝাই একটি বিহারগামী একটি লরি থেকে। উদ্ধার হয় শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার মহম্মদ বক্সে ২৭ নম্বর জাতীয় সড়কে।
জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, ফাঁসিদেওয়া দিয়ে পাচার হচ্ছে প্রচুর পরিমাণে গাঁজা। সেই খবর পাওয়া মাত্রই ফাঁসিদেওয়ার মহম্মদ বক্সে ২৭ নম্বর জাতীয় সড়কে বাঁশ বোঝাই লরিটিকে আটক করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। বাঁশ সরিয়ে লরিতে তল্লাশি চালাতেই চক্ষুচড়কগাছ হয়ে যায় পুলিশের। বেরিয়ে আসে কমপক্ষে ১৪৫ কেজি গাঁজা। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে মৃত্যুঞ্জয় সিং(২৮) এবং রবীন্দ্র রায়(৩৮) নামে বিহারের দুই বাসিন্দাকে। বাজেয়াপ্ত করা হয়েছে বাঁশ বোঝাই লরিটিকেও।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, গাঁজাগুলি কোচবিহার থেকে গাড়িতে বোঝাই করে বিহারে পাঠানো হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে আমদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। সার্কেল ইন্সপেক্টর (নকশালবাড়ি) সৈকত ভদ্র বলেন, ‘পাচারচক্রে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।’

