হরিশ্চন্দ্রপুর: ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নম্বর জাতীয় সড়কের কাবুয়া রোড এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম আয়েশা খাতুন(৫)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে। কর্মসূত্রে শিশুর পরিবার তুলসীহাটাতে থাকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাবা সরিফুল হক তুলসীহাটা থেকে মেয়েকে নিয়ে বাইকে করে নতুন আধার কার্ড করার জন্য হরিশ্চন্দ্রপুরে যাচ্ছিলেন। কাবুয়ারোড এলাকায় একটি ডাম্পার বাইকটির পেছনে ধাক্কা মারে। সেইসময় বাবা ও মেয়ে রাস্তার মধ্যে ছিটকে পড়ে যায়। ডাম্পারটির একটি চাকা ওই শিশুটির পায়ের উপর দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে দেন। তবে পরিবারের লোকেরা পুর্নিয়া নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয় বলে জানা গিয়েছে।



