বক্সিরহাট: ভোটের ফল প্রকাশের পর যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক সেই সময় তৃণমূল কর্মীর বাড়ির পেছন থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় (Crude Bombs Recovered) চাঞ্চল্য ছড়াল তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি এলাকায়। বুধবার মহিষকুচি-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী (TMC Worker) হিসেবে পরিচিত সুশান্ত দাসের বাড়ির পুকুরপাড় থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে বক্সিরহাট থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমিতে ধান কাটতে গিয়ে গ্রামবাসীরা প্রথম বোমাভর্তি ব্যাগটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা গৌতম দাসের অভিযোগ, ভোটের সময় অশান্তি পাকানোর উদ্দেশ্যেই তৃণমূল নেতার ঘনিষ্ঠ এই কর্মীর বাড়িতে বোমা মজুত করা হয়েছিল।


পাল্টা অভিযোগে তৃণমূল কর্মী সুশান্ত দাস জানান, ফল ঘোষণার পর থেকেই তিনি ঘরছাড়া। তাঁকে ফাঁসাতে পরিকল্পিতভাবে কেউ বাড়ির পেছনে বোমা রেখে গিয়েছে। তাঁর দাবি, পরিবারের সদস্যরাই পুলিশে খবর দিয়েছিলেন, অথচ এখন তাঁকেই দোষারোপ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police Investigation)।

