বালুরঘাট: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ঘর গোছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এবার সাধারণ মানুষের মনের কথা বুঝতে এবং তাঁদের অভাব-অভিযোগ সরাসরি শুনতে অভিনব পদক্ষেপ নিল বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বিজেপির পক্ষ থেকে ‘সাজেশন বক্স’ (BJP Suggestion Box) বা পরামর্শ বাক্সের শুভ সূচনা করা হলো। বালুরঘাট পৌরসভার সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী।
বিজেপি সূত্রের খবর, কেবল বালুরঘাট শহর নয়, দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে এই ধরনের সাজেশন বক্স রাখা হবে। এই বাক্সের মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের এলাকার সমস্যা, রাজ্য সরকারের প্রতি তাঁদের ক্ষোভ কিংবা আগামী দিনে তাঁরা কেমন বাংলা দেখতে চান— সেই বিষয়ে নিজস্ব মতামত লিখে জমা দিতে পারবেন।
এই কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী জানান, “বিজেপি মানুষের রায় নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে। তৃণমূল সরকার গত এক দশকে সাধারণ মানুষের আবেগকে গুরুত্ব দেয়নি। কিন্তু আমরা চাইছি মানুষের মতামত অনুযায়ী আগামী দিনের রূপরেখা তৈরি করতে। শিক্ষা, স্বাস্থ্য বা কর্মসংস্থান— কোন বিষয়টিকে জনগণ অগ্রাধিকার দিতে চায়, তা জানতেই এই উদ্যোগ।”
উদ্বোধনী দিনে দেখা যায়, এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এই বক্সে তাঁদের মতামত ড্রপ করছেন। জমা পড়া চিরকুটগুলোতে মূলত নারী নিরাপত্তা, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং স্থায়ী কর্মসংস্থানের দাবি জানানো হয়েছে। এমনকি, আসন্ন নির্বাচনে যাতে তাঁরা কোনো ভয়ভীতি ছাড়াই ভোট দিতে পারেন, সেই দাবিও তুলেছেন অনেকে।
তবে বিজেপির এই উদ্যোগকে ‘নির্বাচনী নাটক’ বলে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। বালুরঘাট শহর তৃণমূল সভাপতি সুভাষ চাকী বলেন, “কেন্দ্রীয় সরকার আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে সাধারণ মানুষকে বিপদে ফেলেছে। সেই সত্য থেকে নজর ঘোরাতেই এখন সাজেশন বক্সের নাটক করছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকেন, রাস্তায় নামেন। মানুষ জানে বিজেপি শুধু ভোটের সময় ভাঁওতা দিতে আসে।”
সব মিলিয়ে নির্বাচনের আগে সাজেশন বক্সকে কেন্দ্র করে বালুরঘাটে রাজনৈতিক পারদ তুঙ্গে। সাধারণ মানুষের এই চিরকুটগুলো শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

