বালুরঘাট: এলাকায় পানীয় জলের (Drinking Water) কোনও ব্যবস্থা ছিল না। স্বাস্থ্যকর জল না পেয়ে বাসিন্দারা পুকুরের জল পান করতে বাধ্য হতেন। অবশেষে পুরসভার তরফে বালুরঘাটের (Balurghat) শিংপাড়ায় বসানো হল পানীয় জলের মেশিন। পাম্পসেটের মাধ্যমে জল তুলে পরিস্রুত পানীয় জল পরিষেবা দেওয়া হবে ওই এলাকায়। প্রায় সাড়ে তিন লক্ষ টাকা অর্থ বরাদ্দে এই পানীয় জলের প্রকল্প করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই সাধারণ মানুষ সেখান থেকে পরিস্রুত জল পাবেন বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলার।
গ্রামে পানীয় জলের সংকটের (Drinking Water Crisis) কথা হামেশাই শোনা যায়। কিন্তু জেলা সদর শহর বালুরঘাটে পানীয় জলের অভাবে ভুগছিলেন বিস্তীর্ণ এলাকার নাগরিক। আগে ওই এলাকা গ্রাম পঞ্চায়েতের অধীনে ছিল। গত পুরসভা ভোটে ওই এলাকা পুরসভার ভেতরে এসেছে। তারপর থেকেই পথবাতি, নর্দমা সহ একাধিক পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে শিংপাড়ায়। কিন্তু পুরসভার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল পানীয় জল পরিষেবা। কারণ, মাঝে আত্রেয়ী নদী থাকায় ওই এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে বেগ পেতে হচ্ছে। যদিও সেই কাজও ভবিষ্যতে করা হবে বলে আশাবাদী সকলেই। এর মধ্যেই সেখানে পানীয় জলের প্রকল্প নিয়েছে পুরসভা। প্রায় ৯০ শতাংশ কাজ হয়ে এসেছে। পুজোর আগেই নাগরিকদের এই পরিষেবা দেওয়া যাবে বলে মত পুর কর্তৃপক্ষের। বর্তমানে জোরকদমে কর্মীরা কাজ করছেন। জলের মেশিন সুরক্ষিত রাখার জন্যে ঘর নির্মিত হয়েছে ও সামনে গ্রিল দেওয়া হয়েছে। পাশে পাম্পসেট রেখে পাইপের মাধ্যমে জল তুলে সঞ্চয় করা হবে। যা প্রয়োজনে ব্যবহার করতে পারবেন বাসিন্দারা। এলাকাবাসী পল্লব সরদার জানান, ‘পানীয় জলের কাজ শুরু হওয়া থেকেই চারিদিকে খুশির হাওয়া। এবার আমরা এখান থেকেই প্রতিদিনের খাওয়ার জল নিতে পারব। পুরসভায় থেকে পানীয় জলের সমস্যা মানা যাচ্ছিল না।’

