বালুরঘাট: বিধানসভা নির্বাচনের (WB Election 2026) শেষ লগ্নের প্রচারে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট (Balurghat) শহরের ১০ নম্বর ওয়ার্ড। বিজেপির বিরুদ্ধে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের নাম করে সাধারণ মানুষের আধার কার্ড ও ফোন নম্বর সংগ্রহের অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস (TMC)। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক বচসা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত লিফলেট বিলি করছেন এবং সেই অছিলায় সাধারণ মানুষের আধার কার্ডের তথ্য ও ফোন নম্বর লিখে নিচ্ছেন। নির্বাচনী বিধি ভঙ্গ করে ভোটারদের প্রভাবিত করার এই প্রচেষ্টার বিরুদ্ধে সরব হয় শাসকদল।


অন্যদিকে, বিজেপি (BJP) এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, কোনো ফর্ম ফিলাপ করা হচ্ছে না; শুধুমাত্র প্রার্থীর সমর্থনে সাধারণ প্রচার চালানো হচ্ছিল। পরিস্থিতি বেগতিক দেখে বালুরঘাট থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় নির্বাচন কমিশনের ফার্স্ট ফ্লাইং টিমকে। কমিশনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিতর্কিত ‘অন্নপূর্ণা ফর্ম’-এর বান্ডিলগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যান। কমিশনের এই হস্তক্ষেপে দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
নির্বাচনের ঠিক আগে সরকারি প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহের এই অভিযোগকে কেন্দ্র করে বালুরঘাটের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

