উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপড়েনের আঁচ এবার সরাসরি পড়ল বাংলাদেশি ক্রিকেটারদের আয়ের ওপর। মুস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি বাতিলের পর এবার আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছে শাকিব-লিটনদের সতীর্থদের জন্য। সূত্রের খবর, দুই দেশের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই ও বিসিবি) চলতি সংঘাতের জেরে ভারতীয় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা ‘এসজি’ (SG-Sanspareils Greenlands) বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে তাদের স্পনসরশিপ চুক্তি বাতিল করতে চলেছে।
সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেট সম্পর্কে ফাটল ধরে। বিসিসিআই-এর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ। এর পাল্টা হিসেবে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং টি-২০ বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি তোলে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার ভারতীয় সংস্থা এসজি সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর বাংলাদেশি ক্রিকেটারদের স্পনসর করবে না।
রিপোর্ট অনুযায়ী, এসজি-র এই সিদ্ধান্তের ফলে সরাসরি ক্ষতির মুখে পড়বেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকজন ক্রিকেটার। এঁদের মধ্যে রয়েছেন,বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক লিটন দাস, মুমিনুল হক, ইয়াসির রাব্বি। এতদিন এই ক্রিকেটাররা এসজি-র ব্যাট ও সরঞ্জাম ব্যবহার করতেন এবং বিনিময়ে মোটা অঙ্কের অর্থ পেতেন। কিন্তু নতুন করে আর চুক্তি নবীকরণ করা হবে না বলে জানা গেছে। ফলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন তাঁরা।
বিশ্লেষকদের মতে, শুধু এসজি নয়, ভারতের অন্যান্য স্পনসররাও এবার বাংলাদেশি ক্রিকেটারদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। যেহেতু বাংলাদেশের ক্রিকেট সরঞ্জামের বাজারের বড় অংশ ভারতীয় কোম্পানিগুলোর দখলে, তাই এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য তা বড় সংকটের কারণ হয়ে দাঁড়াবে।

