উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর সচল হল খালেদা জিয়ার (Khaleda Zia) ব্যাংক অ্যাকাউন্টগুলি। ২০০৭ সালে বাজেয়াপ্ত করা হয়েছিল খালেদার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট (Bank accounts)। সোমবার বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (National Board of Revenue) খালেদার অ্যাকাউন্টগুলি সচল (Unfreeze) করার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) সঙ্গে পরামর্শ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০০৭ সালের বাংলাদেশে (Bangladesh) তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া এবং শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে নির্বাচনে জেতার পর হাসিনার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হলেও খালেদার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত অবস্থাতেই ছিল। মাঝে বেশ কয়েকবার খালেদার ব্যাংক অ্যাকাউন্ট সচল করার আবেদন করা হলেও কোনও লাভ হয়নি। যদিও পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মিত খরচ চালানোর জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার অনুমতি দেওয়া হয়। তবে এবার ফের ১৭ বছর পর ব্যাংক অ্যাকাউন্টগুলি ব্যবহার করতে পারবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা।


প্রসঙ্গত, হাসিনা সরকারের শাসনকালে খালেদা দুর্নীতির দুই মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জেলবন্দি হন। ১৭ বছরের জেল হয়েছিল তাঁর। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দি ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ স্থগিত করে তাঁকে শর্তসাপেক্ষে গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত ৫ অগাস্ট হাসিনা সরকারের পতন হতেই খালেদার কারামুক্তির সিদ্ধান্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি শাহবুদ্দিন।

