উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওমানে কাজে গিয়ে বিপাকে বাংলার ১১ জন পরিযায়ী শ্রমিক (Migrant Labourers)। অবশেষে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়াল রাজ্য সরকার। বিদেশ মন্ত্রকের কাছে নবান্নের (Nabanna) আবেদন, ওই পরিযায়ী শ্রমিকদের দ্রুত ঘরে ফিরিয়ে আনা হোক। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পরিযায়ী শ্রমিকদের সহযোগিতা করল ওমানের ভারতীয় দূতাবাস।
কর্মসূত্রে ওমানে গিয়ে প্রতারণার শিকার বাংলার ১১ জন পরিযায়ী শ্রমিক। এক অসাধু চক্রের উপর ভরসা করে সেখানে তাঁরা কোনও স্থায়ী ঠাঁই পাচ্ছিলেন না। বিদেশের মাটিতে একপ্রকার যাযাবরের মতো ঘুরে বেড়াত হচ্ছিল তাঁদের। কোনওভাবে রাজ্য সরকারের সঙ্গে করলে তাঁদের ফেরাতে তৎপরতা শুরু হয় নবান্নে। নবান্নের পক্ষ বিদেশ মন্ত্রকে ফোন করে অনুরোধ করা হয়, তাঁদের দ্রুত ফিরিয়ে আনার জন্য। এরপর ওমানের ভারতীয় দূতাবাস সাহায্যের হাত বাড়ায়। বর্তমানে তাঁরা সেখানেই রয়েছেন।
শনিবার তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে ফেসবুকে এ বিষয়ে পোস্ট করা হয়। লেখা হয়, ‘কর্মসূত্রে ওমানে যাওয়া মুর্শিদাবাদের ১১ জন পরিযায়ী শ্রমিক একটি অসাধু নিয়োগ সংস্থার দ্বারা প্রতারণার শিকার হয়ে ওখানেই আটক হয়ে পড়েছিলেন। সহায়-সম্বলহীন অবস্থায় তাঁরা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। তাঁদের দুর্দশার খবর পেয়ে আমাদের জনদরদি মা-মাটি-মানুষের সরকার তৎক্ষণাৎ হস্তক্ষেপ করে, তাঁদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করেছে। রাজ্য সরকারের সক্রিয় প্রচেষ্টার ফলে মানুষগুলো এখন ওমানে ভারতীয় দূতাবাসের হেফাজতে আছেন, যেখানে তাঁদের খাবার ও থাকার সুব্যবস্থা করা হয়েছে।’

