উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানে বেশ ভালো ছন্দে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু তাঁরা এখন শুধু একদিনের ক্রিকেট খেলছেন। তাই বিসিসিআই (BCCI) এখন তাঁদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি (Central Agreement) নিয়ে নতুন করে ভাবছে। অন্যদিকে বোর্ডের চুক্তিতে আরও ওপরের দিকে আসতে পারেন শুভমন গিল। তাঁকে A+ ক্যাটাগোরিতে নিয়ে আসা হতে পারে। বাড়তে পারে মহিলাদের ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি।
২২ ডিসেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা রয়েছে। ওই সভায় এই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় কোহলি এবং রোহিতকে এখন আর A+ ক্যাটাগোরিতে রাখা হবে কিনা, তা নিয়ে দ্বিধা বিভক্ত বোর্ড কর্তারা। তাঁদের একাংশের মতে, ওই দুই সিনিয়র ক্রিকেটারের সম্মানের কথা ভেবে তাঁদের A+ ক্যাটাগোরিতেই রেখে দেওয়ার পক্ষে। অন্য একটি অংশ আবার ভারসাম্য বজায় রাখতে কোহলি, রোহিতকে A ক্যাটাগোরিতে রাখার পক্ষে। তবে শুভমন গিলের এবার A+ ক্যাটাগোরিতে থাকা প্রায় নিশ্চিত। তাঁর সঙ্গে থাকতে পারেন রবীন্দ্র জাডেজা এবং জশপ্রীত বুমরাহ।
অন্যদিকে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, রিচা ঘোষেরা এক দিনের বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে তাঁদের ম্যাচ ফি বাড়াতে পারে বোর্ড। এছাড়াও তাঁদের বার্ষিক চুক্তিতে টাকার পরিমাণও বাড়তে পারে। বাড়তে পারে আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের পারিশ্রমিকও। সব কিছুই পরিস্কার হবে ২২ ডিসেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা পর।

